বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৫ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২১:২৫ পিএম
শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। প্রবা ফটো
বুড়িগঙ্গা নদী দূষণ করে ঢাকা শহরের কোটি মানুষকে শিল্পপতি ও ব্যবসায়ীরা জিম্মি করে রেখেছে বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার।
তিনি বলেছেন, বুড়িগঙ্গা এখন আর নদী নেই। এটিকে নর্দমায় পরিণত করা হয়েছে। ১-২ হাজার শিল্পপতি বা ব্যবসায়ী বুড়িগঙ্গায় বর্জ্য ফেলছে। তারা বর্জ্য ফেলে শহরের কোটি মানুষকে জিম্মি করছে। তারা নদীকে ধ্বংস করছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘নদীর জন্য তারুণ্য’ শীর্ষক সেমিনার ও বাংলাদেশ নদী পরিব্রাজক দলের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আনোয়ার বলেন, ‘ব্যবসায়ীদের স্বার্থে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর পৃথিবীর অধিকার থেকে বঞ্চিত করতে পারি না। নদী রক্ষায় আমাদেরকে অহিংস এবং পরিকল্পিত প্রতিবাদ করতে হবে।’
তার ভাষ্য, ‘বাংলাদেশ নদীমাতৃক দেশ। অথচ আমরা সেই মাকেই অবহেলা করি। এটা আমাদের শিক্ষাকে প্রশ্নবিদ্ধ করে। সরকারের একার পক্ষে পরিবেশ সংরক্ষণ সম্ভব নয়। জনগণকে এগিয়ে আসতে হবে। সারা বছর কর্মসূচি রাখতে হবে। শুধু ঢাকা শহরের ছোট্ট একটা ঘরে বসে নদী নিয়ে কথাবার্তা বললে কাজ হবে না। নদী রক্ষার জন্য সবাইকেই প্রতিবাদ করতে হবে।’
নদী পরিব্রাজক দলের উদ্দেশে কবির বিন আনোয়ার বলেন, ‘দেশে নারীসমাজ সবক্ষেত্রে অংশগ্রহণ করছে। নদী বাঁচাতে নদী পরিব্রাজক দলের সঙ্গে নারীদের যুক্ত হতে হবে। কেননা সমাজের অর্ধেক অংশকে বাদ দিয়ে কোনো কাজে অগ্রসর হওয়া সম্ভব নয়।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল হোসেন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক অসীম বিভাকর প্রমুখ।