রংপুর অফিস
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৪৬ এএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১২:১০ পিএম
রাতে কারমাইকেল কলেজের জিএল হোস্টেলের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। প্রবা ফটো
রংপুর কারমাইকেল কলেজের হোস্টেলে ঢুকে বহিরাগতদের হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে কারমাইকেল কলেজ জিএল হোস্টেলের প্রভোস্ট সিরাজুল ইসলাম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন তাজহাট থানার ওসি নাজমুল কাদের।
তিনি কলেজ শিক্ষার্থীদের বরাত দিয়ে জানান, শনিবার দুপুরে কারমাইকেল কলেজের বাংলা মঞ্চের সামনে মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের আহসান নামে এক শিক্ষার্থীর সঙ্গে বহিরাগতদের কথা-কাটাকাটি হয়।
এরই জেরে বিকালে বহিরাগতরা ওই শিক্ষার্থীর উপর হামলা চালায়। বিষয়টি জানতে পেরে অন্য শিক্ষার্থীরা বহিরাগতদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৫০ থেকে ৬০ জন বহিরাগত ছেলে দেশীয় অস্ত্র নিয়ে এসে ক্যাম্পাসের জিএল হোস্টেলে হামলা চালায়।
এ সময় তারা কয়েকটি রুম ভাঙচুরও করেন। এ ঘটনায় প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে আকিমুল ইসলাম ইমন নামে এক শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রাতে হামলাকারীদের গ্রেপ্তার, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
কারমাইকেল কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন বলেন, ক্যাম্পাসে অবস্থান করা শিক্ষার্থীরা আমার সন্তান। তাদের উপর হামলা হয়েছে। কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তে সন্ত্রাসীদের গ্রেপ্তারদের থানায় মামলা করা হয়েছে। ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়টি নিয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো।
তাজহাট থানার ওসি নাজমুল কাদের বলেন, বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারমাইকেল কলেজ এলাকায় পুলিশী নজরদারি রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।