কুষ্টিয়া প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৩৮ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৫৯ পিএম
ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। সংগৃহীত ছবি
শিক্ষক নিয়োগসহ বিভিন্ন বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য ড. শেখ আবদুস সালামের নামে কয়েকটি অডিও ফাঁসের ঘটনায় বিক্ষোভ করেছেন সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা।
এদিকে ‘মিসেস সালাম’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে অডিও ফাঁসের শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ইবি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্যের নির্দেশে এই জিডি করেছেন রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর জায়েদ।
তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ফেইক আইডিতে অডিও ফাঁসের বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।’
একটি অডিওতে ভিসি শেখ আবদুস সালাম ইবি ছাত্রলীগের সাবেক নেতাদের গুণ্ডা ও ডে-লেবার বলেছেন এমন অভিযোগ তুলে তার অপসারণ দাবিতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের অনিয়মিত চাকরি প্রত্যাশী নামে একটি সংগঠনের নেতারা।
বিষয়টি নিয়ে উপাচার্য শেখ আবদুস সালাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ফেইক আইডি থেকে অডিওর বক্তব্য বিকৃত করে প্রচার হচ্ছে। এতে অপর পক্ষের কথা নেই। আমার সততা নিয়ে প্রশ্ন বা অর্থ চাওয়া নিয়ে কারও কাছে প্রমাণ থাকলে সামনে এসে সরাসরি কথা বলুন তারা। এছাড়া আমার স্ত্রীর নামে ফেইক আইডি থেকে অপপ্রচার কাম্য নয়।’
তিনি বলেন, ‘নিয়োগ বোর্ডের দিন তিনজন শিক্ষক প্রার্থীকে প্রশ্ন করেন, তাহলে আমি কীভাবে প্রশ্ন ফাঁস করব?’
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত থেকে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত ফারহা জেবিন নামের একটি ফেসবুক আইডি থেকে ওই তিনটি অডিও পোস্ট করা হয়। এসব অডিওতে নিয়োগ নিয়ে ও নিয়োগ পরীক্ষার প্রশ্ন নিয়ে এক ব্যক্তিকে (কণ্ঠ উপাচার্যের মতো) বিভিন্ন কথা বলতে শোনা যায়। তবে অডিওটিতে অন্য প্রান্তের কোনো কথা শোনা যায়নি। অডিওতে একটি বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড বাতিল হওয়ার কারণ ও আগামীতে বোর্ড অনুষ্ঠিত হওয়া সম্পর্কে বিভিন্ন কথা বলা হয়েছে। এছাড়াও নিয়োগ প্রার্থীকে বিভিন্ন প্রশ্ন বলে দেওয়া হয়। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নিয়োগ বোর্ড স্থগিতের ঘটনা নিয়ে এ আলোচনা করা হয়। অডিওতে ওই বিভাগের অলি নামের (সংক্ষিপ্ত নাম) এক শিক্ষক প্রার্থীর নাম ধরে সম্বোধন করতে শোনা যায়।
ক্যাম্পাস সূত্র জানিয়েছে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে ২০২২ সালের ২৫ অক্টোবর নিয়োগ উপাচার্যের কার্যালয়ে ও তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে তিনজন প্রার্থী আবেদন করেন। আবেদনকারীরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. অলিউর রহমান, মোহাম্মদ মোশররফ হোসেন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিউটি মণ্ডল। তবে সর্বনিম্ন সংখ্যক প্রার্থী উপস্থিত না হওয়ায় নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। পরে ২০২২ সালের ২ ডিসেম্বর সেই নিয়োগের পুনঃবিজ্ঞপ্তি দেওয়া হয়। এদিকে আগামী ২২ ফেব্রুয়ারি পুনরায় ওই নিয়োগ বোর্ডটি অনুষ্ঠিত হবে।