× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন পাঠ্যক্রমের ওপর জঙ্গি হামলা হয়েছে : শিক্ষামন্ত্রী

যশোর প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:০৫ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৪৯ পিএম

শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চতুর্থ সমাবর্তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  প্রবা ফটো

শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চতুর্থ সমাবর্তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রবা ফটো

নতুন পাঠ্যক্রমের ওপর জঙ্গি হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (১৮ ফেব্রুয়ারি) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চতুর্থ সমাবর্তনে চ্যান্সেলরের মনোনীত প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘নতুন পাঠ্যক্রমের ওপর জঙ্গি হামলা হয়েছে। যা নেই তা উপস্থাপন করা হচ্ছে। এডিট করে অপপ্রচার চালানো হচ্ছে। নতুন বইগুলো পরীক্ষামূলক সংস্করণ করা হচ্ছে। এটা সংশোধন হচ্ছে ও হবে।’

দীপু মনি বলেন, ‘শিক্ষাকে উপযুক্ত চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করতে হলে গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। গবেষণালব্ধ জ্ঞানের ফসল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রয়োজন উদ্যোক্তা ও শিল্পপ্রতিষ্ঠানের। এ বিশ্ববিদ্যালয়ের ল্যাবগুলো বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে ধীরে ধীরে যুক্ত হচ্ছে। এটা সত্যিই খুশির খবর।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে চায়। স্মার্ট নাগরিক গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। স্মার্ট নাগরিক তৈরিতে সহায়ক শিক্ষাক্রম নিয়ে সরকার কাজ করছে। একটি মহল এই শিক্ষাক্রমকে বাধাগ্রস্ত করতে চায়।’

তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশের মূল উপাদান স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সরকার। ২০৩১ সালের মধ্যে আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করব। আমাদের সামনে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের তৈরি হতে হবে। আর এটি মোকাবিলার মূল হাতিয়ার শিক্ষা। প্রাথমিক ও মাধ্যমিকের বর্তমান শিক্ষাক্রম সেই লক্ষ্য বাস্তবায়নেই তৈরি হয়েছে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আগামী দিনে প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এসব বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে পরীক্ষা হবে একটি।’

গ্রাজুয়েটদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনাদের যাত্রাপথকে অসততা দিয়ে কলুষিত করবেন না। খেয়াল রাখবেন, সত্যের পথ একটু কঠিনই হয়। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম সে কখনও করে না বঞ্চনা।’

সমাবর্তনে স্বাগত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন গ্রাজুয়েটদের উদ্দেশে বলেন, ‘তোমাদের এ অর্জনে তোমাদের পিতা-মাতা, শিক্ষকমণ্ডলীসহ সমগ্র জাতি গর্বিত। পরিশ্রম ও কর্তব্যনিষ্ঠা তোমাদের এ সাফল্য এনে দিয়েছে। স্মরণ রাখবে, তোমাদের এ অর্জনের নেপথ্যে ছিল দেশের সরকার, তোমাদের পরিবার, শিক্ষকমণ্ডলী এবং সর্বোপরি দেশের জন-সাধারণ, যাদের অর্থে পরিচালিত হয় আমাদের শিক্ষাব্যবস্থা। তোমরা তাদের কাছে চির ঋণী। জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমেই কেবল এ ঋণ পরিশোধ সম্ভব। দেশবিদেশে তোমরাই এ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে। তোমাদের কাজের ওপরই এ বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা নির্ভর করবে।’

সমাবর্তন অনুষ্ঠানে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিহিররঞ্জন হালদার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরহাদ হোসেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, যবিপ্রবি রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য অধ্যাপক ড. গোলাম শাহী আলম, অধ্যাপক ড. শরীফ এনামুল কবীর, অধ্যাপক ড. মোঃ আহসান হাবীব, যশোর-খুলনা অঞ্চলের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাগণ, বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ বিপুলসংখ্যক বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা