প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০০ পিএম
ছবি : সংগৃহীত
উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরোনোর পর এবার বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণিতে ভর্তিপরীক্ষার চ্যালেঞ্জ মোকাবিলা করতে যাচ্ছেন শিক্ষার্থীরা।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন শিক্ষার্থী মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। আর দেশের ৪৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হবে ৫৭ হাজার ৯৯ জন। তাছাড়া ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৪ হাজার ৩৫০ জন ভর্তি হতে পারবেন। সেই হিসেবে লক্ষাধিক শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার পরও পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন না।
এরই মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আগামী ২০ মে ভর্তিপরীক্ষা শুরু পরিকল্পনা রয়েছে। এছাড়া আগামী ১০ মার্চ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তিপরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
অন্যান্য প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে শিগগির সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছে একাধিক সূত্র।
বিশ্লেষকরা বলছেন, উচ্চমাধ্যমিক পাস করার পর প্রায় সব শিক্ষার্থী নানা কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান। তাই এখন তাদের ভর্তিযুদ্ধে নামতে হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো নিজেদের মতো করে ভর্তিপরীক্ষার আয়োজন করে। আর ২২টি বিশ্ববিদ্যালয় নিয়ে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হয় গুচ্ছ ভর্তিপরীক্ষা। ১০ বছর আগে শিক্ষার্থীদের ভর্তিতে ভোগান্তি কমাতে এই প্রদ্ধতি চালু করলেও তা খুব একটা সুফল আনতে পারেনি। ত্রুটিযুক্ত পরীক্ষাপদ্ধতিই এর কারণ।
বারবার মেধাতালিকা দিয়েও আসন পূর্ণ করতে পারছে না অধিকাংশ বিশ্ববিদ্যালয়। ফলে সেশনজটের কবলে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। তাই শিক্ষার্থী-অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টরা গুচ্ছপদ্ধতিতে প্রয়োজনীয় সংশোধন আনার তাগিদ দিয়েছেন।
এ প্রসঙ্গে গুচ্ছপদ্ধতির ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ইমদাদুল হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আগামী সপ্তাহে ভর্তিপরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে। মার্চ-এপ্রিলে পরীক্ষা নিয়ে জুলাইয়ে ক্লাস শুরু করার চিন্তাভাবনা রয়েছে।
রবিবার (১২ ফেব্রুয়ারি) প্রকাশিত ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত শর্ত পূরণ করে আগামী ২৭ ফেব্রুয়ারি বিকাল ৪ টা থেকে ২০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আবেদন ফি ১০০০ টাকা। চারুকলা ইউনিটে ২৯ এপ্রিল, কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ৫ মে, বিজ্ঞান ইউনিটে ১২ মে, ব্যবসায় শিক্ষা ইউনিটে ১৩ মে বেলা ১১টায় ভর্তিপরীক্ষা শুরু হবে।
একই দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরীক্ষা সংক্রান্ত উপকমিটির সভায় প্রাথমিক আবেদন আগামী ১৫ মার্চ দুপুর ১২টা থেকে গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে, যা চলবে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত চলবে। চূড়ান্ত আবেদন ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত করা যাবে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, এ, বি ও সি ইউনিটে ভর্তিপরীক্ষা আগামী ২৯ থেকে ৩১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে ১২টা, বেলা ১টা থেকে ২টা ও বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চার শিফটে নেওয়া হবে।
শুক্রবার বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান জানিয়েছেন, বুয়েটে আগামী ২০ মে প্রাথমিক বাছাইপর্ব এবং ১০ জুন চূড়ান্ত পর্বের পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এই তারিখ নির্ধারণ করে সুপারিশ করা হয়েছে।
একাডেমিক কাউন্সিলের সভায় এই তারিখ চূড়ান্ত হবে এবং তারপর বিজ্ঞপ্তি আকারে ভর্তির নীতিমালা প্রকাশ করা হবে।
এইচএসসি ও সমমানের ফল প্রকাশের দিনই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক আবুল বাশার মো. জামাল জানিয়েছেন, এবার মেডিকেল কলেজে ভর্তির জন্য অনলাইনে শিক্ষার্থীরা ১২ ফেব্রুয়ারি থেকে আবেদন করতে পারবেন। আর ভর্তিপরীক্ষা হবে ১০ মার্চ। শিগগির ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।