প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০৪ পিএম
ধানমন্ডি আইডিয়াল কলেজ
ধানমন্ডি আইডিয়াল কলেজের চলমান সংকট নিরসনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমানের আশ্বাসে একাডেমিক কার্যক্রম সচল করার সিদ্ধান্ত নিয়েছেন কলেজটির শিক্ষক-কর্মচারীরা।
শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডি আইডিয়াল কলেজের গর্ভনিং বডির সভাপতি ও সদস্যদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ৬ ফেব্রুয়ারি থেকে কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে একাডেমিক কার্যক্রম বর্জন কর্মসূচি পালন করেন তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইডিয়াল কলেজে ব্যাপক অনিয়ম, দুর্নীতিতে সহযোগিতা ও চিহ্নিত দুর্নীতিবাজদের রক্ষাকারী গর্ভনিং বডির কিছু সদস্য ও সভাপতির পদত্যাগ এবং গর্ভনিং বডি বিলুপ্তির দাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা ৬ ফেব্রুয়ারি থেকে একাডেমিক কার্যক্রম বর্জন করেছে। ইতিমধ্যে শিক্ষকদের একটি প্রতিনিধিদল ডিসিসি মেয়রের সঙ্গে সাক্ষাৎ করে কলেজের বর্তমান অবস্থা ও তাদের যৌক্তিক দাবি তুলে ধরেন। এ ছাড়া শিক্ষকদের আরেকটি প্রতিনিধি দল জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মেয়র ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পরে তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় তাদের কর্মসূচি রবিবার (১২ ফেব্রুয়ারি) থেকে স্থগিত করেছেন। রবিবার থেকে তারা আগের নিয়ম অনুযায়ী একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
তবে দাবি পুরোপুরি বাস্তবায়িত হওয়ার আগ পর্যন্ত একাডেমিক কার্যক্রমের পাশাপাশি কলেজের ভেতরে মুক্তমঞ্চে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন অব্যাহত রাখবেন।