প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৪৫ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৪৭ এএম
নানান আয়োজনের মধ্য দিয়ে বেগমগঞ্জ-সোনাইমুড়ী উপজেলা ছাত্র-ছাত্রী (প্রাক্তন-বর্তমান) কল্যাণ সমিতির ‘পরম্পরায় আমরা’ বৃত্তি প্রদান, গুণিজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে দিনব্যাপী এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, অফিসার্স ক্লাবের সহসভাপতি সাবেক সচিব কেএম মোজাম্মেল হক, সাবেক সেতু সচিব বেলায়েত হোসেন, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডা. আবদুজ জাহের, বাংলাদেশ আইন সমিতির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর মো. শাহনাওয়াজ টিপু, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টুসহ নোয়াখালীর বিশিষ্টজনেরা।
উপস্থিত ছিলেন বেগমগঞ্জ-সোনাইমুড়ী উপজেলা ছাত্র-ছাত্রী (প্রাক্তন-বর্তমান) কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মানিক, যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবির চৌধুরী, অনুষ্ঠানের আহ্বায়ক ইউসুফ স্বপন, সদস্য সচিব মোজাম্মেল হোসেন পারভেজ প্রমুখ।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আশাপ্রকাশ করে বলেন, শিক্ষার্থীরা পেশাগত জীবনের পাশাপাশি সব পেশার মানুষের মধ্যে সম্প্রীতি সৌহার্দের বন্ধন সুদৃঢ় করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে।
এফবিসিসিআই সভাপতি বলেন, দেশের শিল্পের প্রসারে নোয়াখালীর ব্যবসায়ীদের বিরাট অবদান রয়েছে।
নোয়াখালীবাসীর যেকোনো ভালো উদ্যোগের সঙ্গে তিনি থাকবেন বলেও প্রতিশ্রুতি দেন।