প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৩১ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৪৩ পিএম
অধ্যাপক ড. আ ন ম আমিনুর রহমান। প্রবা ফটো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগ প্রবর্তিত ‘কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩’ প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন অধ্যাপক ড. আ ন ম আমিনুর রহমান। ‘একটি পক্ষী নিবাসের মৃত্যু’ শীর্ষক ফিচারের জন্য তিনি এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) জাবির জহির রায়হান মিলনায়তনে আয়োজিত ‘পাখিমেলার’ উদ্বোধনী অনুষ্ঠানে আমিনুর রহমানসহ আরও দুজন গণমাধ্যমকর্মীকে এ পুরস্কার দেওয়া হবে।
আমিনুর রহমান পাখি দেখা, প্রাণীটির ছবি তোলা, খাদ্য ও আবাস্থল সংরক্ষণ বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে গেল ৩২ বছর ধরে নিয়মিত ফিচার লিখছেন। প্রতিদিনের বাংলাদেশ পত্রিকারও একজন নিয়মিত লেখক তিনি।
এ ছাড়া পাখি চেনা ও পাখি সংরক্ষণ বিষয়ে আগ্রহীদের হাতে-কলমে শিক্ষা দেওয়ার জন্য গড়ে তুলেছেন বিভিন্ন সংগঠন। এসব উল্লেখযোগ্য সংগঠনগুলো হলো-বিডি বার্ডার্স, বিডি ওয়াইল্ডলাইফারস ও বিডি ওয়াইল্ড লাইফ ভেটস অ্যান্ড রেসকিউয়ারস।
আমিনুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের গাইনেকোলজি, অবস্টেট্রিক্স অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রধান। পাখি ও বন্যপ্রাণী বিষয়ে গবেষণার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজ বিভাগে গড়ে তুলেছেন ‘বন্যপ্রাণী প্রজনন ও সংরক্ষণ’ গবেষণাগার। এই গবেষণাগার দেশের জন্য বন্যপ্রাণী চিকিৎসা বিশেষজ্ঞ তৈরিতে বিশেষ অবদান রাখছে। এ পর্যন্ত পাখি ও বন্যপ্রাণীবিষয়ক পাঁচটি বই লিখেছেন তিনি।