× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঠ্যবইয়ের ভুল শনাক্ত করায় কৃতজ্ঞতা জানালেন শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩ ১৫:৩১ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩ ১৬:০৭ পিএম

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১০ম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ডা. দীপু মনি। প্রবা ফটো

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১০ম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ডা. দীপু মনি। প্রবা ফটো

পাঠ্যবই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পাশাপাশি পাঠ্য বইয়ে ভুল শনাক্তকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

শনিবার (২১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর বায়েজিদ আরেফিন নগরে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১০ম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘পাঠ্যবইয়ে কোথাও ধর্মবিরোধী কোনো বিষয় থাকার সুযোগ নেই। কারণ আমরা নৈতিকতার শিক্ষায় বিশ্বাস করি এবং ধর্মীয় শিক্ষা সেই নৈতিকতার মূল স্তম্ভ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক অপপ্রচার চলছে। বলা হচ্ছে, আমাদের নতুন বইয়ে ইসলাম ধর্মবিরোধী বিষয় আছে। এটি সত্য নয়। ইসলাম ধর্ম সংক্রান্ত সব বিষয় সরিয়ে দিয়ে ভিন্নধর্মী জিনিসপত্র আনা হয়েছে এটি একেবারে অসত্য।’

তিনি বলেন, ‘৩ বছর আগের ভারতের পশ্চিমবঙ্গের একটি বইয়ের ছবি দিয়ে এই অপপ্রচার চালাচ্ছে। যে বইটি এখন সেখানেও চলে না। একটা অপশক্তি আছে যারা এ অপপ্রচার চালাচ্ছে। তাদের আপনারা সবাই চেনেন। তারা মিথ্যাচার করে শুধু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করতে চায় না দেশের স্থিতিশীল পরিবেশটাকেও নষ্ট করতে চায়।’  

পাঠ্যবইয়ে ভুলের বিষয়ে তিনি বলেন, নবম-দশম শ্রেণির বইয়ে কিছু ভুল শনাক্ত হয়েছে। যারা বইয়ের ভুল শনাক্ত করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। সে ভুলের মধ্যে একটি খুব বড় তথ্যগত ভুল- বঙ্গবন্ধুর শপথ গ্রহণ বিষয়ে। কিন্তু মজার ব্যাপার হলো, ২০১৩ সাল থেকে প্রত্যেক বছরের বইয়ে এই ভুল ছিল। কখনো কারো চোখে পড়েনি। 

দীপু মনি বলেন, করোনাকালীন চ্যালেঞ্জ মোকাবিলা করে শিক্ষা কার্যক্রম চালু রেখেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। যারা এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে স্নাতক হয়েছেন তারা নিজ নিজ কর্মক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখবেন। আমাদের পোশাক শিল্পে যে নারী কর্মীরা আছেন তারা এখান থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে আজ সফল উদ্যোক্তা। তৈরি পোশাক শিল্পে তারা অবদান রাখছেন। এ বিশ্ববিদ্যালয় যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেটি আজ অনেকটাই সফল। এ বিশ্ববিদ্যালয়ের নারীরা সমাজকে বদলে দিতে-নেতৃত্ব দিতে কাজ করছে।  

কাগজ সংকটের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, গত বছর কাগজ শিল্প বিরাট একটা সংকটের সম্মুখীন হয়েছে। কাগজের একটা বড় সংকট ছিল। ডলার পরিস্থিতির কারণে আমরা আমদানির দিকেও যেতে পারিনি। এর পরেও সব শিল্পের সহযোগিতায় জানুয়ারির ১ তারিখ সব শিক্ষা প্রতিষ্ঠানে ৮০ শতাংশ বই পৌঁছে দিতে পেরেছি। বাকি বইগুলো এ মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেব।  

সমাবর্তন অনুষ্ঠানে ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী লার্স রাসমুসেন বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে নারী শিক্ষা দারুণ চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষ করে আফগানিস্তান, ইরাক, মিয়ানমারের মতো দেশগুলোতে নারীশিক্ষা বেশ কঠিন। তাদের জন্য এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন দারুণ সুযোগ তৈরি করেছে।

বিশ্ববিদ্যালয়টির ভিসি রুবানা হক বলেন, বিগত বছরগুলোতে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর দারুণ অগ্রগতি হয়েছে। অবকাঠামোগত উন্নয়ন এখনো চলমান। এখানকার শিক্ষার্থীরা বিশ্বের নানান দেশে সফলতার স্বাক্ষর রাখছেন। যেসব দেশ নারীশিক্ষায় পিছিয়ে রয়েছে এবং নারীদের শিক্ষা চ্যালেঞ্জের মুখে তাদেরকে এইউডব্লিউতে স্বাগত জানাচ্ছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ব্রিটিশ ফার্স্ট লেডি চেরি ব্লেয়ার, সমাবর্তন বক্তা ছিলেন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ইমেরিটাস জন সেক্সটন।

এর আগে অনুষ্ঠানের শুরুতে ১৮ দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। করোনার কারণে বিগত তিন বছর সমাবর্তন হয়নি। এবার ২০২০, ২০২১, ২০২২ শিক্ষাবর্ষের ৩০০ স্নাতককে সনদ দিয়েছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা