চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩ ১৮:৩৮ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৩ ১৮:৫৯ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফেরানোর দাবিতে ক্লাস বর্জন কর্মসূচিতে শিক্ষার্থীরা। প্রবা ফটো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শহরের ক্যাম্পাসকে আধুনিকায়ন করার আশ্বাস দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তবে মন্ত্রীর আহ্বানে সাড়া দেননি শিক্ষার্থীরা। তাদের সিদ্ধান্ত, ‘ক্লাসে ফিরতে হলে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের ক্লাসেই ফিরবেন। অন্যথায় আন্দোলন চালিয়ে যাবেন তারা।’
শহরের ক্যাম্পাস থেকে চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফেরানোসহ ২২ দফা দাবিতে গত ৮০ দিন ধরে ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আন্দোলনের ৮১তম দিনে শনিবার (২১ জানুয়ারি) দুপুরে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে শিক্ষার্থীদের এই আহ্বান জানান।
এদিন সার্কিট হাউসে চলমান শিক্ষার্থী ধর্মঘট নিরসনে জেলা প্রশাসনের উদ্যোগে আধাঘণ্টাব্যাপী বৈঠক করেন শিক্ষামন্ত্রী। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীন আখতার, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিন, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, প্রক্টরসহ ৬০ জন শিক্ষার্থী।
বৈঠক শেষে বেলা ৩টার দিকে সার্সন রোডের চারুকলা ইনস্টিটিউটে যান শিক্ষামন্ত্রী। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। চারুকলার ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসনই নিতে পারে। তবে শহরের ক্যাম্পাসকে আধুনিকায়ন করার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় ভূমিকা রাখতে পারে। দ্রুতই সেগুলো বাস্তবায়িত হবে।’
এ সময় আগামীকাল (রবিবার) থেকে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান মন্ত্রী। এ সময় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেননি শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী ক্যাম্পাস ত্যাগ করার পর শিক্ষার্থীরা নিজেরা আলাপ করে তাদের সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।
আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে চারুকলার মাস্টার্সের শিক্ষার্থী জহির রায়হান বলেন, ‘আমাদের ২২ দফা আন্দোলন এখন এক দফা। আর সেটা হচ্ছে মূল ক্যাম্পাসে ফেরা। কিন্তু উনারা বলছেন সেটা সম্ভব না। এখানে উনারা অবকাঠামো উন্নয়ন করবেন বলেছেন। আমাদের অনুরোধ করেছেন ক্লাসে ফিরতে। আমরা উনাদের অনুরোধ করছি, আমরা মূল ক্যাম্পাসে ক্লাসে ফিরতে চাই।’
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আমাদের আন্দোলন চলবে। কাল থেকে যথারীতি মূল ফটকে তালা থাকবে। চারুকলা অনুষদের শিক্ষা ও প্রশাসনিক সব কার্যক্রম বন্ধ থাকবে।’
এ সময় তার সঙ্গে উপস্থিত শিক্ষার্থীরা মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।