খুলনা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩ ১৫:২৩ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩ ১৬:১০ পিএম
ছবি সংগৃহীত।
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস এবং রেজিস্ট্রেশন শুরু হবে আগামী ২২ জানুয়ারি। গতকাল শুক্রবার (১৩ জানুয়ারি) উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় গুচ্ছ ভর্তি সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির সর্বশেষ সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু ও রেজিস্ট্রেশনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক এস এম আতিয়ার রহমান জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ে কোটাসহ শূন্য আসনের বিপরীতে ভর্তির জন্য নির্ধারিত শিক্ষার্থীদের (যা খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত) সশরীরে রিপোর্টিং করতে হবে আগামী ১৫ ও ১৬ জানুয়ারি। শূন্য আসনে রিপোর্টকরা শিক্ষার্থীদের মেধা তালিকা প্রকাশ করা হবে ১৭ জানুয়ারি। মেধা তালিকা থেকে শূন্য আসনে চূড়ান্ত ভর্তি ১৮-১৯ জানুয়ারি। ইতোপূর্বে যারা প্রাথমিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল তাদের সশরীরে ভর্তি আগামী ১৫ থেকে ১৬ জানুয়ারি (ইতোমধ্যে যারা চূড়ান্ত ভর্তি হয়েছে তাদের ভর্তির প্রয়োজন নেই)। কোর্স রেজিস্ট্রেশন অনলাইনে ২২ জানুয়ারি থেকে শুরু হবে এবং তা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য শিগগির বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।