× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শহীদ সাজিদের নামে হলের দাবিতে ব্যানার, ইবিতে তদন্ত কমিটি

ইবি প্রতিনিধি

প্রকাশ : ১২ মিনিট আগে

শহীদ সাজিদের নামে হলের দাবিতে ব্যানার, ইবিতে তদন্ত কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রয়াত শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহর নামে নতুন হলের নামকরণের দাবিতে অনুমতি ছাড়া ব্যানার টাঙানোর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী ৩ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর লালন শাহ হলের উত্তর পাশে নির্মাণাধীন ছাত্র হলের সামনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া একটি ব্যানার টাঙানো হয়। এ ঘটনায় প্রক্টরিয়াল বডির সুপারিশের পরিপ্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।

কমিটির আহ্বায়ক করা হয়েছে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. ফখরুল ইসলামকে। অন্য দুই সদস্য হলেন ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ওহাব এবং সহকারী প্রক্টর মো. আতিকুর রহমান।

অফিস আদেশে কমিটিকে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন, জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র আচরণবিধির ৯ নম্বর ধারা অনুযায়ী করণীয় বিষয়ে সুস্পষ্ট সুপারিশ দিতে বলা হয়েছে। আগামী ৩ ডিসেম্বরের মধ্যে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।

জানা যায়, গত ২৪ নভেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন দ্বিতীয় ছাত্র হলের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা নতুন হলটির নাম শহীদ সাজিদ আব্দুল্লাহর নামে করার দাবি জানান। পরে এ দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপিও দেন তারা। একই সঙ্গে হলের প্রধান ফটকে ‘শহীদ সাজিদ আব্দুল্লাহ হল নামকরণ চাই’ লেখা একটি ব্যানার টাঙানো হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য, গত বছরের ১৭ জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল-সংলগ্ন পুকুর থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করেন সহপাঠী ও স্থানীয়রা। পরে ফরেনসিক প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার বিষয়টি উঠে আসে। এ ঘটনায় ৪ আগস্ট সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ দেলওয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। প্রথমে মামলাটি তদন্ত করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা-পুলিশ। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা