শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ মিনিট আগে
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের একাডেমিক ফিল্ড ট্রিপের বাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ৬০ জন কয়েক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। স্থানীয় আওয়ামী লীগের সমর্থকেরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (২৯ নভেম্বর) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে একাডেমিক ফিল্ড ট্রিপে কুয়াকাটার উদ্দেশে রওনা হন। পথে গোপালগঞ্জের মুকসুদপুরে পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগের সমর্থকেরা তাদের বহনকারী বাস আটকে দেন। এতে শিক্ষক-শিক্ষার্থীরা অবরুদ্ধ হয়ে পড়েন।
সকাল থেকে সেখানে অবরুদ্ধ থাকার পর তারা স্থানীয় এক চেয়ারম্যানের সহায়তার আশ্বাসে বাস নিয়ে ফিরে আসার উদ্দেশ্যে রওনা হন। এ সময় আওয়ামী লীগের সমর্থকেরা আবারও তাদের ওপর হামলা চালান। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, বিভাগের এক ছাত্রীর মামা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার উদ্যোগে শিক্ষার্থীরা নিরাপদে ওই এলাকা পার হওয়ার চেষ্টা করেন। স্থানীয় জনপ্রতিনিধি হওয়ায় তার ওপর আস্থা রেখেই শিক্ষার্থীরা বাস নিয়ে রওনা হয়েছিলেন। তবে সেখানে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির কারণে হামলাকারীরা চেয়ারম্যানের কথাও শোনেননি। একপর্যায়ে তারা শিক্ষার্থীদের ওপর হামলা চালান এবং বাস ভাঙচুর করেন।
শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা ও উদ্ধারের বিষয়ে প্রক্টর বলেন, উপাচার্যের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুলিশের সহায়তায় তাদের সেখান থেকে নিরাপদে বের করে আনার ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্ট সার্কেল ও পুলিশ সুপারদের বিষয়টি জানানো হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশের তত্ত্বাবধানে দুটি গাড়ি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। পুলিশ সদস্যরা তাদের পদ্মা সেতু পর্যন্ত পৌঁছে দেবেন। শিক্ষক-শিক্ষার্থী, বিশেষ করে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত সেখান থেকে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।