গোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২২ মিনিট আগে
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) চারটি উন্নয়ন প্রকল্প ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) অন্তর্ভুক্তির প্রাথমিক অনুমোদন পেয়েছে। পরিকল্পনা কমিশনের আন্তমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির সভায় প্রকল্পগুলো এডিপির ‘সবুজ পাতায়’ অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
রবিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় পরিকল্পনা কমিশনের নাজিয়া-সালমা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে গোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও প্রকল্প পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া অংশ নেন।
সভায় ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত এডিপিতে নতুন প্রকল্প অন্তর্ভুক্তির জন্য প্রস্তাবিত প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা, যৌক্তিকতা ও বাস্তবায়ন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। পর্যালোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের চারটি প্রকল্প এডিপির ‘সবুজ পাতায়’ অন্তর্ভুক্তির অনুমোদন পায়।
অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ ও আধুনিকায়ন’ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা; আধুনিক ল্যাবরেটরি স্থাপন ও আনুষঙ্গিক সুবিধা সম্প্রসারণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা অবকাঠামো শক্তিশালীকরণ প্রকল্প; ‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন’ প্রকল্প (ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট—ওএফআইডি) এবং বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্প।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান আশা প্রকাশ করেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা কার্যক্রমের অবকাঠামোগত সক্ষমতা বাড়বে। পাশাপাশি আধুনিক গবেষণাগার স্থাপন ও সামগ্রিক সম্প্রসারণ কার্যক্রম আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রধান এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় সরকার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তারাও সভায় অংশ নেন।