যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ৪৩ মিনিট আগে
আধুনিক ও ডিজিটাল শিক্ষাদান পদ্ধতিতে শিক্ষকদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বাড়াতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের নবম তলার কনফারেন্স কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। ‘এমপাওয়ারিং এডুকেটরস থ্রু ডিজিটাল নলেজ এনহ্যান্সমেন্ট’ শীর্ষক কর্মশালাটির আয়োজন করে হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প ও বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন)। এতে সার্বিক সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) সেল।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, হিট প্রকল্পের এসপিএম এবং বিভিন্ন দপ্তরের প্রধানরা অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. এ এফ এম শাহাব উদ্দীন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. এ এফ এম শাহাব উদ্দীন বলেন, সীমিত জনবল ও সম্পদ নিয়েও বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল দ্রুততম সময়ে সহজভাবে সেবা পৌঁছে দিতে কাজ করছে। হিট প্রকল্প ও বিডিরেনের সহযোগিতায় দ্রুতই পুরো ক্যাম্পাসের নেটওয়ার্ক আধুনিকায়ন করা হবে। আমরা শুধু ইন্টারনেট সমস্যা সমাধান নয়, বরং বিশ্ববিদ্যালয়ের সার্বিক ডিজিটাল রূপান্তরের সহযোগী হতে চাই।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডিরেনের জেনারেল ম্যানেজার (জিএম) কে এইচ রাশেদুল আরেফিন। রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বিডিরেনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) এখলাস উদ্দীন আহমেদ এবং হিট প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিস্ট অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আলম খান।
কর্মশালায় ডিজিটাল কনটেন্ট তৈরি, অনলাইন শিক্ষাদানের বিভিন্ন টুলস, স্মার্ট ক্লাসরুম ব্যবস্থাপনা এবং শিক্ষাক্ষেত্রে আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।