প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত কোনো ছাত্র-ছাত্রী অনাপত্তি সনদের (এনওসি) জন্য নির্ধারিত প্রক্রিয়ায় করতে হবে। এরপরই সংশ্লিষ্ট শিক্ষার্থীদের এনওসি ইস্যু করা হবে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এস. এম. আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কোনো ছাত্র-ছাত্রীদের এনওসির জন্য নিম্নোক্ত প্রক্রিয়ায় ও নিয়মানুযায়ী আবেদন করলে ‘স্টুডেন্টস এনওসি’ ইস্যু করা হবে-
১. শুধুমাত্র অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্টস এনওসি’ প্রযোজ্য হবে।
২. নির্দিষ্ট আবেদন ফরমে (সংযুক্ত) আবেদন করতে হবে। যথাযথভাবে পূরণকৃত আবেদন ফরমটি আবেদনকৃত ছাত্র-ছাত্রীর স্বাক্ষর এবং সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতি বা ইনস্টিটিউটের পরিচালক এর সুপারিশসহ স্বাক্ষরযুক্ত হতে হবে।
৩. আবেদনের সাথে নিয়মানুযায়ী নির্দিষ্ট আবেদন ফি জমা দিতে হবে।
৪. আবেদনের সাথে শিক্ষার্থীর স্টুডেন্টস আইডি, এনআইডি বা জন্মসনদ ও পাসপোর্টের ফটোকপি, ‘Purpose of Travelling’-এর সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র এবং বিভাগীয় সভাপতি বা ইনস্টিটিউটের পরিচালক কর্তৃক স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
৫. আবেদন যথাযথভাবে প্রসেস হলে রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর অনুমোদনক্রমে ও স্বাক্ষরে ‘স্টুডেন্টস এনওসি’ ইস্যু করা হবে।