সংকটে আন্তর্জাতিক কার্যক্রম
ইবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ মিনিট আগে
একসময় বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ভালো অবস্থানে থাকলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিন দিন কমছে তাঁদের আগ্রহ। টিউশন ফি ও আবাসন ব্যয়, সেশনজট, ভাষাগত জটিলতা, ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবসহ নানা কারণে বিশ্ববিদ্যালয়টি বিদেশি শিক্ষার্থীদের কাছে আকর্ষণ হারাচ্ছে।
ভর্তি হওয়ার পরও অনেকে নির্ধারিত সময়ে শিক্ষাজীবন শেষ করতে পারছেন না। ফলে বিদেশি শিক্ষার্থী ভর্তি ও তাঁদের ধরে রাখা—দুই ক্ষেত্রেই তৈরি হয়েছে সংকট।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্নাতক পর্যায়ে ভর্তি হওয়া ৩১ জন বিদেশি শিক্ষার্থীর মধ্যে ১৫ জনই পড়াশোনা অসমাপ্ত রেখে নিজ দেশে ফিরে গেছেন। স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি হওয়া ২৮ জনের মধ্যে পাঁচজন কোর্স সম্পন্ন করতে পারেননি। এ ছাড়া পিএইচডিতে ভর্তি হওয়া আটজনের মধ্যে চারজন এবং এমফিলে ভর্তি হওয়া পাঁচজনের মধ্যে দুজন তাঁদের কোর্স শেষ করেননি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে ইবিতে ২০ জন বিদেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। তাঁদের মধ্যে নেপাল, নাইজেরিয়া, ভারত ও গাম্বিয়ার শিক্ষার্থী রয়েছেন। শিক্ষাবর্ষ অনুযায়ী, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের চারজন, ২০১৯-২০ শিক্ষাবর্ষের আটজন, ২০২০-২১ শিক্ষাবর্ষের একজন, ২০২১-২২ শিক্ষাবর্ষের ছয়জন এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী রয়েছেন।
ভর্তি পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ইবিতে সাতজন বিদেশি শিক্ষার্থী ভর্তি হন। পরের শিক্ষাবর্ষে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২২ জনে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১৬ জন এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১৪ জন ভর্তি হন। তবে এরপর থেকেই বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমতে থাকে। ২০২০-২১ শিক্ষাবর্ষে মাত্র একজন, ২০২১-২২ শিক্ষাবর্ষে ছয়জন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে একজন এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষে তিনজন ভর্তি হন। সর্বশেষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমফিল পর্যায়ে দুজন ভর্তি হলেও স্নাতক পর্যায়ে কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি হননি। চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষেও স্নাতক পর্যায়ে কোনো আবেদন জমা পড়েনি। তবে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ছয়জনের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।
বিদেশি শিক্ষার্থীদের আবাসনের জন্য নির্ধারিত শাহ আজিজুর রহমান হলের আন্তর্জাতিক ব্লকে অবস্থানরত নাম প্রকাশে অনিচ্ছুক এক নেপালি শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ে সুযোগ-সুবিধার সীমাবদ্ধতা এবং আন্তর্জাতিক শিক্ষার্থী কোটা বন্ধ থাকায় বর্তমানে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সংখ্যা কমে গেছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে এসে ভাষাগত সমস্যার মুখেও পড়তে হয় আমাদের। ক্লাসে বাংলায় লেকচার দেওয়া হয়, যা বুঝতে আমাদের অসুবিধা হয়। আন্তর্জাতিক শিক্ষার্থী কোটা পুনরায় চালু করা হলে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সংখ্যা বাড়তে পারে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়টি নিয়ে প্রচার-প্রচারণাও খুব কম। ফলে অনেক বিদেশি শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে পারছেন না। বিষয়গুলো বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরও নজর দেওয়া প্রয়োজন।
বিশ্ববিদ্যালয়ের ফরেন সেলের কর্মকর্তা এস এম শাহদৎ হোসেন বলেন, লোকবল ও অবকাঠামোগত সংকটের কারণে ফরেন সেল কার্যকরভাবে কাজ করতে পারছে না। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফরেন সেলের তথ্য খুঁজে পাওয়া কঠিন। তথ্যগুলো জটিল ও গভীর ফোল্ডারে থাকায় এবং ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ না হওয়ায় বিদেশি শিক্ষার্থীরা সহজে প্রয়োজনীয় তথ্য জানতে পারেন না। এ ছাড়া দেশীয় শিক্ষার্থীদের তুলনায় বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি বেশি এবং হল ফি প্রায় ছয় গুণ। হলের মান, আলাদা ডাইনিং ও টিউটরের ব্যবস্থা না থাকায় তাঁদের ভোগান্তি বাড়ছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জনবল সংকট এবং পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় আমাদের বিদেশি শিক্ষার্থীরা আগ্রহ হারাচ্ছে। আমি বেশি দিন হয়নি দায়িত্ব পেয়েছি। বর্তমান প্রশাসন আমাদের কার্যক্রম আরও বেগবান করতে একটি অফিস স্পেস দেওয়ার কথা বলেছে, যেটি এখনো নির্মাণাধীন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য বর্তমান প্রশাসনের কিছু পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই বিদেশি শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে নতুন আবাসিক হলের একটি ব্লকে আলাদাভাবে থাকার ব্যবস্থা করা হচ্ছে। বাকি পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে ইনশা আল্লাহ বর্তমান পরিস্থিতির উন্নতি করতে পারব।