তারাচরণ টিপু, চট্টগ্রাম
প্রকাশ : ১৫ মিনিট আগে
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
নতুন শিক্ষাবর্ষে সন্তানকে স্কুলে ভর্তি করাতে গিয়ে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি ফির বড় ব্যবধানের মুখে পড়ছেন চট্টগ্রামের অভিভাবকরা। সরকারি স্কুলে তুলনামূলক কম খরচে ভর্তির সুযোগ থাকলেও বেসরকারি স্কুলে ভর্তি ফি, সেশন চার্জ, উন্নয়ন ফি ও অন্যান্য খাতে ব্যয় অনেক বেশি। ফলে পছন্দের স্কুলে সন্তানকে ভর্তি করাতে গিয়ে আর্থিক চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অভিভাবকরা। বিশেষ করে সরকারি স্কুলে আসন সংকটের কারণে অনেক পরিবারকে বাধ্য হয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বারস্থ হতে হচ্ছে। এতে ভর্তির শুরুতেই তৈরি হচ্ছে আর্থিক বৈষম্য।
চট্টগ্রাম নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রত্যক্ষদর্শীরা জানান, সাধারণ ও এলাকাভিত্তিক কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি ফি নেওয়া হচ্ছে ৩ হাজার থেকে ৮ হাজার টাকা। এসব প্রতিষ্ঠানে শ্রেণিভেদে মাসিক বেতন ৪০০ থেকে ৮০০ টাকা। প্রতিষ্ঠিত ইংরেজি ভার্সন ও মিশনারি স্কুলে ভর্তি ফি ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত, মাসিক বেতন ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০ টাকা। অন্যদিকে আন্তর্জাতিক মানের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি ফি ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত এবং মাসিক বেতন ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।
শিক্ষা কর্মকর্তারা বলছেন, যেসব বেসরকারি স্কুল অনলাইনে পাঠ্যবইয়ের চাহিদা জানিয়ে আবেদন করে, সেসব প্রতিষ্ঠানে সরকারি পাঠ্যবই সরবরাহ করা হয়। প্রাথমিক শিক্ষার জন্য নিবন্ধিত বেসরকারি স্কুলগুলোতেও বিনামূল্যে বই দেওয়া হয়। তবে সরকারি বই সরবরাহের পরও এসব প্রতিষ্ঠানে ভর্তি ও অন্যান্য খাতে ব্যয়ের বড় ব্যবধান থাকছে।
এমন ব্যয়ের কারণে অনেক অভিভাবকের কাছে সন্তানকে ভালো স্কুলে ভর্তি করানোই হয়ে উঠছে বড় চ্যালেঞ্জ। একদিকে সরকারি স্কুলে সীমিত আসন, অন্যদিকে বেসরকারি স্কুলে উচ্চ ভর্তি ব্যয়। এই দুইয়ের ব্যবধানে শিক্ষার সুযোগ ও ব্যয় নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
নতুন শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির আবেদন কার্যক্রম আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত চলার সময়সূচি রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী প্রথম শ্রেণিতে আবেদনের ফি সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ২৫০ টাকা।
তবে আবেদন ফির বাইরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে গিয়ে অভিভাবকদের গুনতে হচ্ছে কয়েক হাজার থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত। ভর্তি ফির পাশাপাশি সেশন চার্জ, উন্নয়ন ফি, পরিচয়পত্র, ডায়রি ও অন্যান্য আনুষঙ্গিক খরচ যুক্ত হওয়ায় মোট ব্যয় আরও বেড়ে যায়।
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত ফি তুলনামূলক কম হওয়ায় এসব স্কুলে ভর্তির জন্য অভিভাবকদের আগ্রহ বেশি। কিন্তু আসনসংখ্যা সীমিত থাকায় অনেক শিক্ষার্থী সরকারি স্কুলে ভর্তির সুযোগ পায় না। ফলে সন্তানকে শিক্ষাজীবনের শুরুতেই বেসরকারি স্কুলে ভর্তি করাতে বাধ্য হন অভিভাবকরা।
অভিভাবক সুমি বলেন, শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি ভর্তি ব্যয় নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা ও নিয়মিত তদারকি প্রয়োজন। সরকারি স্কুলগুলোতে আসনসংখ্যা বাড়ানো উচিত। পাশাপাশি বেসরকারি স্কুলে ফি আদায়ের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য সহনীয় ব্যয়ের ব্যবস্থা করা গেলে স্কুলভর্তি ঘিরে বৈষম্য কমানো সম্ভব হবে।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, ভর্তি ফি নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অভিভাবকদের অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন। সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ফি আদায়ের নীতিমালা যথাযথভাবে অনুসরণ হচ্ছে কি না তা নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি।
সাবেক শিক্ষা কর্মকর্তা আবদুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সরকার সব প্রাথমিক বিদ্যালয়কে একীভূত করার উদ্যোগ নিচ্ছেÑ এটি ভালো দিক। সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে।
তিনি বলেন, কিন্ডারগার্টেন স্কুলগুলোতে একটা ভাবসাব আছে। বাচ্চারা গলায় টাই দিয়ে স্কুলে যায়, অভিভাবকরাও অনেক কিছু মনে করেন। বেসরকারি স্কুলগুলো মুখস্থবিদ্যায় জোর দেয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মুখস্থের চেয়ে বেসিক জায়গাগুলো উন্নত করার চেষ্টা করা হয়। বেসরকারি স্কুলে দুই লাইন মুখস্থ করলেই অনেকে মনে করেন সন্তান অনেক বেশি উন্নত হয়েছে।
আবদুর রহমান আরও বলেন, সব স্কুলকে সরকারের মনিটরিংয়ের আওতায় আনা হচ্ছে। এটি কার্যকর হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে বৈষম্য কমবে।
চট্টগ্রামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, যেসব বেসরকারি স্কুল অনলাইনে পাঠ্যবইয়ের চাহিদা জানিয়ে আবেদন করে, সেসব প্রতিষ্ঠানে সরকারি পাঠ্যবই সরবরাহ করা হয়। প্রাথমিক শিক্ষার জন্য নিবন্ধিত বেসরকারি স্কুলগুলোতেও বিনামূল্যে বই দেওয়া হয়। তবে সরকারি বই সরবরাহের পরও এসব প্রতিষ্ঠানে ভর্তি ও অন্যান্য খাতে ব্যয়ের বড় ব্যবধান থাকছে।
তিনি বলেন, বেসরকারি স্কুলগুলো তাদের অনুযায়ী বেতন নেয়। সরকার চেষ্টা করছে একীভূত করার। সব বেসরকারি স্কুলকে মনিটরিংয়ে আনা হচ্ছে।