× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাণ-প্রকৃতি রক্ষায় সচেতনতার আহ্বান জাবি উপাচার্যের

জাবি প্রতিবেদক

প্রকাশ : ১৩ মিনিট আগে

আপডেট : ৮ মিনিট আগে

প্রাণ-প্রকৃতি রক্ষায় সচেতনতার আহ্বান জাবি উপাচার্যের

উন্নয়নের নামে নির্বিচারে গাছ কাটা বন্ধ এবং প্রাণ-প্রকৃতি সুরক্ষায় ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। তিনি বলেছেন, প্রকৃতি বাঁচলে তবেই মানুষ বাঁচবে। তাই পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে দিনব্যাপী ‘প্রজাপতি মেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্যাম্পাসের পরিবেশ সংরক্ষণ প্রসঙ্গে উপাচার্য বলেন, আমার দায়িত্বকালীন সময়ে ক্যাম্পাসে আর কোনো অপরিকল্পিত গাছ কাটতে দেওয়া হবে না। প্রকৃতি সংরক্ষণ মানুষের জীবন সুরক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা ক্যাম্পাসে এমন প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রজাপতিকে কৃত্রিম জালে বন্দি না রেখে ফুল ও গাছের সান্নিধ্যে মুক্তভাবে উড়তে দেখা যাবে।

এবারের মেলায় পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট পানিসম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাতকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়। এ ছাড়া বন্যপ্রাণী গবেষণায় বিশেষ অবদানের জন্য তরুণ গবেষক নাবিলা জামান জ্যোতিকে পুরস্কৃত করা হয়।

বন্যপ্রাণী সংরক্ষণে গণমাধ্যমকর্মীদের অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয় ‘মিডিয়া অ্যাওয়ার্ড’। ব্রডকাস্ট ক্যাটাগরিতে এনটিভির আকিব সুলতান অর্ণব, প্রিন্ট ক্যাটাগরিতে যৌথভাবে দৈনিক যায়যায়দিনের ওসমান সরদার ও দৈনিক ইত্তেফাকের বেনজির হোসেন এবং ডিজিটাল ক্যাটাগরিতে যৌথভাবে দৈনিক বণিক বার্তার মো. আতাউর রহমান ও দৈনিক নিউএজের সাগর হোসাইন এ পুরস্কার পান।

এদিকে আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন অরুণাভ ব্রুনো, দ্বিতীয় হন মাসুক আহাম্মেদ এবং তৃতীয় স্থান অর্জন করেন ইকবাল এইচ বাবু।

মেলার আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন বলেন, প্রজাপতি ও প্রকৃতিনির্ভর বিভিন্ন আয়োজন দিয়ে এবারের মেলা সাজানো হয়েছে। এসব আয়োজনের মাধ্যমে প্রজাপতির জীবনচক্র, গাছপালা থেকে মধু সংগ্রহ এবং ডিম দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে দর্শনার্থীরা জানতে পারবেন।

তিনি আরও বলেন, বিশেষ করে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রজাপতির ঘুড়ি ওড়ানো ও বিতর্কসহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রজাপতি সংরক্ষণে সচেতনতা তৈরির চেষ্টা করা হয়েছে।

অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মানছুরুল হক, তথ্য কমিশনের প্রধান অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান, আইইউসিএনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বিপাশা হোসাইন এবং বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। দিনব্যাপী আয়োজনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রজাপতিবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, পাপেট শো ও জীবন্ত প্রজাপতি প্রদর্শনীর আয়োজন করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা