ইবি প্রতিনিধি
প্রকাশ : ৩৫ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম মির্জা।
একসময় ক্যান্সার সচেতনতায় কাজ করেছেন, শিক্ষার্থীদের মধ্যে রোগটি সম্পর্কে সচেতনতা তৈরিতে রেখেছেন ভূমিকা। অথচ সেই ক্যান্সারের বিরুদ্ধেই এখন নিজের জীবন বাঁচানোর লড়াই করতে হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সিয়াম মির্জাকে। দুই বছর আগে ক্যান্সার জয় করে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখলেও আবারও ফিরে এসেছে মরণব্যাধিটি। দ্বিতীয়বারের মতো কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসা সম্পন্ন করতে প্রয়োজন প্রায় ৩৫ লাখ টাকা। কিন্তু পরিবারের আর্থিক সামর্থ্য প্রায় শেষ হয়ে আসায় তার চিকিৎসায় সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের সহযোগিতা কামনা করেছে পরিবার।
পরিবার সূত্রে জানা যায়, ২০২৪ সালে চিকিৎসার মাধ্যমে প্রথম দফার কোলন ক্যান্সার থেকে সুস্থ হয়ে ওঠেন সিয়াম। তবে গত সেপ্টেম্বরে কোলনের অন্য একটি অংশে পুনরায় ক্যান্সার শনাক্ত হয়। বর্তমানে ভারতে তার আটটি কেমোথেরাপি দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রতিটি কেমোথেরাপির জন্য ব্যয় হবে প্রায় চার লাখ টাকা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, এর আগে বাবার ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে সহায়-সম্পত্তি বিক্রি করতে হয়েছে। ফলে বর্তমানে পরিবারটি আর্থিক সংকটের মধ্যে রয়েছে। অন্যদিকে তার মা অসুস্থ এবং হাঁটাচলা করতেও অক্ষম। এমন পরিস্থিতিতে সিয়ামের চিকিৎসার বিপুল অর্থ জোগাড় করা পরিবারের একার পক্ষে কঠিন হয়ে পড়েছে।
এ অবস্থায় সিয়ামের চিকিৎসায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী, বন্ধুবান্ধবসহ সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে তার পরিবার। পাশাপাশি তার দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
সিয়ামের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা পাঠানোর মাধ্যম—
ব্যাংক: ইসলামী ব্যাংক পিএলসি, হিসাব নম্বর: ২০৫০২১৩০২০৩০১৯৩১০, হিসাবের নাম: মো. রাজি আলী নূর ইসলাম।
মোবাইল ব্যাংকিং: বিকাশ, নগদ ও রকেট: ০১৭৭৪-৪৪৪৭১৮ (সিয়াম মির্জা)
উল্লেখ্য, সিয়াম মির্জা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কাজ করেছেন। ক্যান্সার সচেতনতাবিষয়ক সংগঠন ‘ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম’-এর সভাপতি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরিতেও ভূমিকা রেখেছেন। একসময় যে রোগের বিরুদ্ধে সচেতনতা ছড়িয়েছেন, আজ সেই রোগের বিরুদ্ধেই দ্বিতীয়বারের মতো লড়ছেন তিনি।