× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ২ ঘণ্টা আগে

রাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) এক শিক্ষার্থীকে মারধর, চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের পদ স্থগিত সদস্যসচিব জিসান আহম্মেদের বিরুদ্ধে। এ ঘটনায় জিসান আহম্মেদ ও ছাত্রদল-সংশ্লিষ্ট ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। একই ঘটনায় রাঙ্গামাটি সদর থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ জমা দেন ম্যানেজমেন্ট বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী মাসুদুল আলম। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে জিসান আহম্মেদ, মোহাম্মদ সাঈদ, তৌহিদুল ইসলাম, সাজিদ হোসেনসহ ১০ থেকে ১২ জন বনরূপা এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে তার ওপর হামলা চালান। তাকে মারধরের পাশাপাশি ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

লিখিত অভিযোগে মাসুদুল আলম জানান, ঘটনার দিন রাত ৯টার জিসান আহম্মেদ তাকে ফোন করেন। পরে রাত ৯টা ১৪ মিনিটে আবার ফোন করে বনরূপা এলাকায় ডেকে নেন। সেখানে মসজিদের বিপরীত পাশে মেসার্স হিল ভিউ ফিলিং স্টেশন অ্যান্ড পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে জিসানের নেতৃত্বে কয়েকজন তার ওপর হামলা চালান। প্রায় এক ঘণ্টা ধরে তাকে দফায় দফায় মারধর ও শারীরিক নির্যাতন করা হয়। একপর্যায়ে তাঁর কাছে তিন দিনের মধ্যে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে হত্যার পাশাপাশি শিক্ষাজীবন ব্যাহত করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।

মাসুদুল আলমের অভিযোগ, পরে অভিযুক্তরা নিজেরাই পেট্রোল সংগ্রহ করে পুলিশের গাড়িতে সরবরাহ করেন এবং তাকে ওই গাড়িতে তুলে থানায় নিয়ে যান। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের হস্তক্ষেপে পরে তিনি থানা থেকে ছাড়া পান। ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারেন উল্লেখ করে তাদের পরিচয় তদন্তের মাধ্যমে শনাক্তের আবেদন জানিয়েছেন তিনি। অভিযোগের সমর্থনে ফোনকলের স্ক্রিনশট, ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ডিং সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেন ভুক্তভোগী।

ভুক্তভোগী শিক্ষার্থী মাসুদুল আলম বলেন, আন্তবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে সৃষ্ট বিশৃঙ্খলার প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে তার ওপর এ হামলা চালানো হয়েছে। জিসান দেখা করার কথা বলে তাকে ডেকে নেন। পরে তার হাতে থাকা ব্যাগে পেট্রোলের বোতল ছিল বলে অভিযোগ তুলে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অপবাদ দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তার দাবি, খেলাধুলা-সংক্রান্ত বিরোধের জের ধরেই ঘটনাটি ঘটেছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়টির সমাধানও হয়েছিল।

তবে অভিযোগ অস্বীকার করে জিসান আহম্মেদ বলেন, মাসুদুল আলমের বাবার অসুস্থতার খবর পেয়ে তার খোঁজ নিতে ফোন করেছিলেন তিনি। পরে বনরূপায় দেখা হলে মাসুদুলের হাতে থাকা ব্যাগে সন্দেহজনক কিছু দেখতে পান। ব্যাগ পরীক্ষা করে দুই লিটার পেট্রোল ও দুটি কাচের বোতল পান বলে দাবি করেন জিসান। বিষয়টি দেখে তিনি পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে ফোন করেন। পরে পুলিশ ও প্রক্টর ঘটনাস্থলে উপস্থিত হলে মাসুদুলকে থানায় নেওয়া হয়। তার দাবি, মাসুদুলের মোবাইল ফোনে ছাত্রলীগের এক নেতার সঙ্গে যোগাযোগ এবং বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীলতা তৈরির বিষয়ে কথোপকথনের তথ্য পাওয়া গেছে। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ প্রকাশ্যে উপস্থাপন করেননি তিনি।

এ বিষয়ে রাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন অর্ণবের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফখরুদ্দিন বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। সংশ্লিষ্ট শিক্ষার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হবে এবং সংশ্লিষ্ট সবার বক্তব্য নেওয়া হবে। প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, গত ২৭ জুলাই সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জিসান আহম্মেদের রাবিপ্রবি শাখা ছাত্রদলের সদস্যসচিব পদ স্থগিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা