গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৬ মিনিট আগে
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দিনব্যাপী বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসা, পরামর্শ ও টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দিনব্যাপী বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসা, পরামর্শ ও টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হসপিটালের (ভিটিএইচ) উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে মোট ২৭০টি প্রাণী চিকিৎসা ও প্রতিরোধমূলক সেবা পেয়েছে।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। ভেটেরিনারি টিচিং হসপিটালের পরিচালক অধ্যাপক ড. অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তৈমুর ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, প্রাণিসম্পদ মানুষের পুষ্টি, জীবিকা, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত। তাই প্রাণীর চিকিৎসা, রোগ প্রতিরোধ এবং খামারিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া বিশ্ববিদ্যালয়ের সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ। তিনি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হসপিটালকে দেশের অন্যতম আধুনিক প্রাণিচিকিৎসা কেন্দ্রে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষক, চিকিৎসক ও ইন্টার্ন শিক্ষার্থীদের সমন্বয়ে দিনব্যাপী চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় গবাদিপশু ও পোষা প্রাণীর রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ, কৃমিনাশক ওষুধ, ভিটামিন ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণের পাশাপাশি বিভিন্ন রোগ প্রতিরোধে টিকা দেওয়া হয়। সেবার আওতায় আসা প্রাণীর মধ্যে ছিল গরু, ছাগল, হাঁস-মুরগি, বিড়াল ও কুকুরসহ বিভিন্ন প্রাণী।