জাবি প্রতিবেদক
প্রকাশ : ২১ মিনিট আগে
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের কাউন্সিল কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন
‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী রোববার (২৯ নভেম্বর) আলোচনা সভা ও তথ্য মেলা অনুষ্ঠিত হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও তথ্য কমিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের কাউন্সিল কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় আয়োজক কমিটির সদস্যবৃন্দ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য কমিশন বাংলাদেশের প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নারিন ইসলাম খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এ ছাড়া আলোচক হিসেবে উপস্থিত থাকবেন তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।
অনুষ্ঠানটির আয়োজনের ব্যাপারে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার মহোদয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক। তিনি প্রধান তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব লাভের পর তথ্য কমিশনকে মানুষের দোড়গোড়ায় নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে তিনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে তথ্য মেলা আয়োজনের কর্মসূচি গ্রহণ করেছেন।
অধ্যাপক নজরুল ইসলাম আরো জানান, আমাদের জন্য ভালো লাগার বিষয় এই যে, এই আয়োজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরুর মধ্য দিয়ে শুভ উদ্ভোদন হচ্ছে। আমরা আশা করছি এ বিশ্ববিদ্যালয়ের অংশীজন হিসেবে আপনারা আমাদের এই যৌথ প্রয়াসে সর্বাত্মক সহেযোগিতা করবেন।
আলোচনা সভার পাশাপাশি তথ্য মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে তথ্য অধিকার আইন ও তথ্যপ্রাপ্তির প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া হবে বলে জানান তারা।