আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় এবার দক্ষিণ এশিয়ার মাননির্ধারণী স্বীকৃতি সাউথ এশিয়ান কোয়ালিটি অ্যাসিউরেন্স সিস্টেম (এসএকিউএস) অর্জন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস (এসবিই)।
দক্ষিণ এশিয়ার ব্যবসায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য স্বীকৃত এ মানদণ্ড প্রদান করেছে অ্যাসোসিয়েশন অব ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনস ইন সাউথ এশিয়া (এএমডিআইএসএ)।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার মান, গবেষণা কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে ধারাবাহিক প্রচেষ্টার ভিত্তিতে দক্ষিণ এশিয়ার ব্যবসায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এসএকিউএস স্বীকৃতি দেওয়া হয়। নির্ধারিত উচ্চমান পূরণকারী প্রতিষ্ঠানগুলোই এ স্বীকৃতির জন্য বিবেচিত হয়। এ অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এনএসইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের অবস্থান আরও সুদৃঢ় হলো।
এর আগে বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ হিসেবে অ্যাক্রেডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুলস অ্যান্ড প্রোগ্রামস (এসিবিএসপি) স্বীকৃতি অর্জন করে এসবিই। নতুন এ স্বীকৃতি বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়া ও আন্তর্জাতিক পর্যায়ে শিল্পখাতের পেশাজীবী এবং শিক্ষাবিদদের সঙ্গে অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের ঘনিষ্ঠ সম্পর্কেরও প্রতিফলন।
এ অর্জন প্রসঙ্গে এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, এএমডিআইএসএ থেকে এসএকিউএস স্বীকৃতি অর্জন নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের জন্য গর্বের বিষয়।
তিনি বলেন, “আমরা এমন উদ্যোক্তা ও নেতৃত্ব তৈরি করতে চাই, যারা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং বৈশ্বিক পর্যায়ে নিজেদের কার্যক্রম সম্প্রসারণের আগে স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ের বাস্তব সমস্যাগুলো সমাধানে ভূমিকা রাখবে। এ স্বীকৃতি প্রমাণ করে, আমাদের পাঠ্যক্রম ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতামূলক কার্যক্রম আন্তর্জাতিক মানের পাশাপাশি আঞ্চলিক অর্থনীতির চাহিদার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।”
এদিকে, এ স্বীকৃতি অর্জনে অবদান রাখায় অ্যাক্রেডিটেশন প্রজেক্ট টিম (এপিটি), স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের নেতৃত্ব, শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, প্রশাসনিক দপ্তর, SAQS-এর পরামর্শক এবং সংশ্লিষ্ট সব অংশীজনকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।