বেরোবি প্রতিনিধি
প্রকাশ : ৩৪ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগ এবং হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চক্রান্তে যুক্ত থাকার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাত শিক্ষকের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সাড়ে তিন মাসেও জমা পড়েনি। এতে তদন্তের অগ্রগতি ও প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তির মাধ্যমে পাঁচ সদস্যের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। কমিটিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তানজিউল ইসলাম জীবনকে আহ্বায়ক এবং লিগ্যাল সেলের সহকারী রেজিস্ট্রার মোছা. রেহেনা আক্তার মনিকে সদস্যসচিব করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হারুন-আল-রশীদ এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আতাউর রহমান।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগ এবং হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চক্রান্তে যুক্ত থাকার অভিযোগ ওঠে। অভিযোগের তালিকায় রয়েছেন লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদ মন্ডল, গণিত বিভাগের ড. মশিউর রহমান, অধ্যাপক ড. আয়েশা আকতার আঁখি, অধ্যাপক ড. মো. জাকির হোসেন, জেড উদ্দিন, দেবু পিকে (সাংকেতিক নাম) এবং এসকে বি (সাংকেতিক নাম)।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। তবে কমিটি গঠনের সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও প্রতিবেদন জমা না পড়ায় সংশ্লিষ্ট মহলে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
এ বিষয়ে তদন্ত কমিটির সদস্যসচিব ও বেরোবির লিগ্যাল সেলের সহকারী রেজিস্ট্রার মোছা. রেহেনা আক্তার মনি বলেন, ‘সারাদেশে এই ধরনের যত তদন্ত কমিটি আছে, সব কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে একটি রিট পিটিশন করা হয়েছিল।’
কমিটির কার্যক্রম চলছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যতটুকু জানি, রিট পিটিশনের কারণে কমিটির কার্যক্রম চলছে না। তবে আপনি এই কমিটির আহ্বায়কের সঙ্গে কথা বলতে পারেন।’
তদন্ত কমিটির আহ্বায়ক ড. মো. তানজিউল ইসলাম জীবন বলেন, ‘এটি একটি জটিল প্রক্রিয়া। আমরা পত্রিকা, গণমাধ্যমসহ বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে তদন্তের জন্য পাঠিয়েছি। আমরা যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন জমা দেব।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘তদন্ত কমিটির রিপোর্ট আমরা এখনো হাতে পাইনি। রিপোর্ট হাতে পেলে আমরা ব্যবস্থা নেব। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার জন্য রিমাইন্ডার দেব।’