× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাবিতে প্রজাপতি মেলা শুক্রবার

জাবি প্রতিবেদক

প্রকাশ : ৩৭ মিনিট আগে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’—এই স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী শুক্রবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘প্রজাপতি মেলা-২০২৬’। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণ ও প্রজাপতি পার্ক অ্যান্ড রিসার্চ সেন্টারে এ মেলা অনুষ্ঠিত হবে। 

বুধবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউন্সে প্রজাপতি মেলা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ এবারের মেলায় বিশিষ্ট পরিবেশবিদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাতকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হবে। এছাড়া তরুণ প্রজাপতি গবেষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী নাবিলা জামান জ্যোতিকে দেওয়া হবে ‘বাটারফ্লাই ইয়ং এনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড’। 

এছাড়াও এবারের আসরে ‘লারভাল হোস্ট প্লান্টস অব বাটারফ্লাইস ইন বাংলাদেশ’ শীর্ষক একটি গবেষণাগ্রন্থের মোড়ক উন্মোচিত হবে, যেখানে ৫০টি প্রজাতির প্রজাপতির লার্ভা, পোষক উদ্ভিদ, জীবনচক্র এবং জিনভিত্তিক শনাক্তকরণ তথ্য তুলে ধরা হয়েছে। একইসঙ্গে প্রজাপতি মেলার সৃজনশীল ও মেধাসম্পদ স্বত্ব (কপিরাইট) বাংলাদেশ সরকার কর্তৃক আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জন করায় আয়োজনে যোগ হয়েছে নতুন মাত্রা।

দিনব্যাপী আয়োজনের সূচিতে রয়েছে সকাল সাড়ে ৯টায় উদ্বোধনী অনুষ্ঠান, সম্মাননা স্মারক প্রদান ও বইয়ের মোড়ক উন্মোচন। এরপর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য র‍্যালি, পাপেট শো ও অরিগ্যামি প্রদর্শনী। মেলাজুড়ে শিশু-কিশোরদের জন্য ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা, দিনব্যাপী প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রতিযোগিতা এবং প্রজাপতির হাট দর্শন অন্তর্ভুক্ত থাকছে। এছাড়া বেলা সাড়ে ১১টায় প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, দুপুরে ‘নগরায়ণ ও প্রজাপতি সংরক্ষণ’ বিষয়ে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি চেনা প্রতিযোগিতা এবং তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন রাখা হয়েছে। বিকেল সাড়ে ৩টায় পুরস্কার বিতরণী ও সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে পর্দা নামবে মেলার।

প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের মেলার দিন সকাল সাড়ে ৯টার মধ্যে নির্ধারিত বুথে নাম নিবন্ধন করতে হবে। শিশু-কিশোরদের ছবি আঁকা প্রতিযোগিতা দু’টি বিভাগে (নার্সারি থেকে ৩য় শ্রেণি এবং ৪র্থ থেকে ৭ম শ্রেণি) অনুষ্ঠিত হবে।

এবারের প্রজাপতি মেলার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ‘কিউট’। সহযোগী সংগঠন হিসেবে যুক্ত রয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ বিষয়ক সংস্থা আইইউসিএন, আরণ্যক ফাউন্ডেশন ও বাংলাদেশ বন বিভাগ। আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চ্যানেল আই।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা