ইবি প্রতিনিধি
প্রকাশ : ৪১ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৭ সালের ৫ম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিবন্ধনের সময় আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে পূর্বনির্ধারিত নিবন্ধন ফি কমিয়ে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ, সমাবর্তন উপ-কমিটি ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, সমাবর্তনের নিবন্ধন ফি পূর্বনির্ধারিত ৪ হাজার ৫০০ টাকার পরিবর্তে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা। অন্যান্য শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে ৪ হাজার টাকা ফি বহাল থাকবে। সমাবর্তনে অতিথি হিসেবে মা-বাবা, স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে এবং অন্যান্য অভিভাবক (প্রযোজ্য ক্ষেত্রে) উপস্থিত থাকতে পারবেন।
এছাড়া, যেসব শিক্ষার্থী পূর্বনির্ধারিত ফি অনুযায়ী ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন, তাঁদের জমা দেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শুরুতে সমাবর্তনে অংশগ্রহণের নিবন্ধন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। এর পাশাপাশি স্নাতক কোর্সের সার্টিফিকেট ফি ৫০০ টাকা, স্নাতকোত্তর কোর্সের ৭০০ টাকা, এমফিল ডিগ্রির ১ হাজার টাকা এবং পিএইচডি ডিগ্রির জন্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়। তবে ফি নির্ধারণের পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাঁরা নিবন্ধন ফি কমানোর দাবি জানান। পরে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রথম দফায় ৫০০ টাকা কমিয়ে নিবন্ধন ফি ৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে প্রশাসন।
তবে এতেও সন্তুষ্ট হননি শিক্ষার্থীরা। সদ্য স্নাতক শেষ করা অনেক শিক্ষার্থীর এখনো কর্মসংস্থান না হওয়ায় তাঁদের পক্ষে সমাবর্তনের জন্য এত টাকা বহন করা কষ্টসাধ্য বলে জানান তাঁরা। এদিকে নিবন্ধনের নির্ধারিত সময় শেষ হলেও শিক্ষার্থীদের আশানুরূপ সাড়া না পাওয়ায় দ্বিতীয় দফায় নিবন্ধন ফি আরও ৫০০ টাকা কমিয়ে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে আগামী ১০ ডিসেম্বর করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ২ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশগ্রহণে আগ্রহী গ্র্যাজুয়েটদের নিবন্ধন কার্যক্রম গত ১০ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের (https://convocation.iu.ac.bd) মাধ্যমে শুরু হয়। নিবন্ধনের নির্ধারিত সময় আগামীকাল শেষ হবে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ২০১২-১৩ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) এবং ২০১৫-১৬ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা এ সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাবেন।