× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবির ৫ম সমাবর্তনে আবেদন সম্পন্ন করেননি ৯০ শতাংশ

ফি কমানোর দাবি অধিকাংশের

ইবি প্রতিনিধি

প্রকাশ : ৩৫ মিনিট আগে

আপডেট : ৩৪ মিনিট আগে

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)

সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনে আবেদন সংক্রান্ত একটি জরিপে উঠেছে এক চাঞ্চল্যকর তথ্য। সেখানে দেখা যায় এখনো সমাবর্তনের আবেদন সম্পন্ন করেননি জরিপে অংশ নেওয়া ৯০ শতাংশ গ্র্যাজুয়েট। তাঁদের মধ্যে সমাবর্তন ফি কমানো হলে আবেদন করবেন বলে জানিয়েছের ৭২ শতাংশ শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ‘ইবিয়ান’ গ্রুপের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপের তথ্য অনুযায়ী, মোট ১ হাজার ৮০৬ জন অংশগ্রহণকারীর মধ্যে মাত্র ১৭৫ জন (১০ শতাংশ) সমাবর্তনের আবেদন সম্পন্ন করেছেন। অন্যদিকে, ২৩২ জন (১৩ শতাংশ) জানিয়েছেন, তাঁরা এখনো আবেদন করেননি। এ ছাড়া ১ হাজার ৩০৭ জন (৭২ শতাংশ) ফি কমানো হলে আবেদন করার আগ্রহ প্রকাশ করেছেন। বাকি ৯২ জন (৫ শতাংশ) জানিয়েছেন, ছুটির দিনে (অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার) সমাবর্তন আয়োজন করা হলে তাঁরা আবেদন করবেন।

জরিপ: ইবি প্রতিনিধি, প্রতিদিনের বাংলাদেশ 

জরিপের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, আবেদন সম্পন্ন না করা তিন শ্রেণির অংশগ্রহণকারীর সংখ্যা ১ হাজার ৬৩১ জন, যা মোট অংশগ্রহণকারীর প্রায় ৯০ শতাংশ। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি ১ হাজার ৩০৭ জনই ফি কমানোর শর্তে আবেদন করতে আগ্রহী। অর্থাৎ, সমাবর্তনে অংশগ্রহণের ক্ষেত্রে ফি কমানোর বিষয়টি অধিকাংশ গ্র্যাজুয়েটের কাছে গুরুত্বপূর্ণ বিবেচ্য হয়ে উঠেছে।

জরিপে অংশ নেওয়া গ্র্যাজুয়েটদের মধ্যে সমাবর্তন ফি কমানোর দাবি জানিয়েছেন অনেকে। সাইফ উল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, প্রতিটি ইবিয়ানের অংশগ্রহণ নিশ্চিত করতে সার্টিফিকেটসহ সমাবর্তনের ফি ৪ হাজার টাকার মধ্যে নির্ধারণ করা উচিত। তাঁর মতে, নির্ধারিত ফির বাইরে দূরবর্তী জেলা থেকে আসা গ্র্যাজুয়েটদের যাতায়াত, থাকা ও খাওয়াসহ অতিরিক্ত ৪ থেকে ৫ হাজার টাকা খরচ হতে পারে। এ ছাড়া কর্মজীবীদের সুবিধার কথা বিবেচনায় সমাবর্তনের তারিখ পুনর্বিবেচনা এবং নিবন্ধনের বিপরীতে কী কী উপহার ও সুবিধা দেওয়া হবে, তার পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের দাবি জানান তিনি।

জেডএম শিবলী স্বাধীন নামের আরেক শিক্ষার্থী বলেন, তিনি দুই মাস আগেই সব সনদ সংগ্রহ করেছেন। এরপরও সমাবর্তনের জন্য সনদ বাবদ আবার ১ হাজার ২০০ টাকা দিতে হবে, যা তাঁর কাছে অন্যায্য মনে হয়েছে। এ ছাড়া ৪ হাজার ৫০০ টাকা নিবন্ধন ফি নির্ধারণ করা হলেও এর বিপরীতে কী কী সুবিধা দেওয়া হবে, তা স্পষ্ট করা হয়নি। ফি কমানো হলে সমাবর্তনে অংশগ্রহণ করবেন বলেও জানান তিনি।

অন্যদিকে, সাফওয়ান রহমান বলেন, সমাবর্তনে অংশগ্রহণের প্রবল ইচ্ছা থাকায় তিনি নিবন্ধন করেছেন। তবে এখনো ফি পরিশোধ করেননি। ফি কমানো হলে তিনি নিবন্ধন সম্পন্ন করবেন। অন্যথায় নিবন্ধন চূড়ান্ত করবেন না বলে জানান তিনি।

জরিপটি সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ‘ইবিয়ান’ গ্রুপে পরিচালিত হয়। গ্রুপ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, জরিপে অংশগ্রহণকারীদের ৯৫ শতাংশই ভেরিফায়েড ইবিয়ান।

উল্লেখ্য, আগামী ২ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশগ্রহণে আগ্রহী গ্র্যাজুয়েটদের নিবন্ধন কার্যক্রম গত ১০ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের (https://convocation.iu.ac.bd) মাধ্যমে শুরু হয়। নিবন্ধনের নির্ধারিত সময় আগামীকাল শেষ হবে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ২০১২-১৩ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) এবং ২০১৫-১৬ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা এ সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা