শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে আগামী ২৭ নভেম্বর দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার গবেষকদের অংশগ্রহণে ১২৬টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম এবং সদস্যসচিব অধ্যাপক ড. মো. ফয়জুল হক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ ও সিলেটে নজরুল: মুক্তচিন্তা ও দ্রোহের উত্তরাধিকার’। ১৯২৬ সালে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা এবং একই বছর কাজী নজরুল ইসলামের সিলেটে আগমনের শতবর্ষপূর্তি উপলক্ষে এ প্রতিপাদ্য নির্বাচন করা হয়েছে।
অধ্যাপক রিজাউল ইসলাম জানান, সম্মেলনে অংশ নিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে মোট ১৭০টি গবেষণাপত্র জমা পড়ে। সেগুলোর মধ্য থেকে ১২৬টি প্রবন্ধ চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। এসব প্রবন্ধ ১৩টি সমান্তরাল অধিবেশনে উপস্থাপন করা হবে।
আয়োজকদের সূচি অনুযায়ী, ২৭ নভেম্বর সকাল ৮টায় নিবন্ধনের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হবে। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জসীম উদ্দিন।
সম্মেলনে মূল বক্তা হিসেবে বক্তব্য দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. বরুণকুমার চক্রবর্তী, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বেলা দাস, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সুমিতা চক্রবর্তী এবং বাংলা একাডেমির মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আজম।
সম্মেলনের উদ্দেশ্য তুলে ধরে অধ্যাপক রিজাউল ইসলাম বলেন, মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিল বাঙালি মুসলমান সমাজে মুক্তবুদ্ধির চর্চা ও বৌদ্ধিক স্বাধীনতার প্রসার। অন্যদিকে, কাজী নজরুল ইসলামের সিলেটে আগমন এ অঞ্চলের সাহিত্য, সংস্কৃতি ও বৌদ্ধিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। শতবর্ষ পর এ দুটি ঐতিহাসিক ঘটনাকে একসূত্রে এনে ইতিহাস, সাহিত্যিক উত্তরাধিকার ও সমকালীন চিন্তার বিভিন্ন দিক নতুনভাবে পর্যালোচনার সুযোগ তৈরি হবে।
দিনব্যাপী এ আয়োজনে গবেষণাপত্র উপস্থাপনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন থাকবে। আয়োজকদের প্রত্যাশা, সম্মেলনটি বাংলা ভাষা ও সাহিত্যবিষয়ক গবেষণাকে সমৃদ্ধ করার পাশাপাশি দেশি-বিদেশি গবেষকদের মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ গবেষণা সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করবে।
সংবাদ সম্মেলনে বাংলা বিভাগের অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা, অধ্যাপক ড. শিরিন আক্তার সরকার, সিলেট সরকারি কলেজের প্রভাষক কাওছার আহমদ, প্রভাষক মুহা. জাকির হোসাইন, প্রভাষক গোলাম রব্বানী, প্রভাষক মো. শামসুদ্দীনসহ বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।