চবি প্রতিনিধি
প্রকাশ : ১১ মিনিট আগে
পরিবেশের ভারসাম্য রক্ষা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল এলাকায় ৬০০টি গাছ রোপণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে চন্দ্রকলি ফাউন্ডেশনের উদ্যোগে, ব্র্যাক ব্যাংকের অর্থায়নে এবং আওয়ার গ্রিন ক্যাম্পাসের সহযোগিতায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ব্র্যাক ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় ২০২৬ সালে দেশব্যাপী ৫০টি স্থানে ৫০ হাজার গাছ রোপণ ও পরিচর্যার পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। রোপণ করা গাছের মধ্যে রয়েছে সোনালু, বকুল, অর্জুন, কাঁটা মেহেদি, কাঠগোলাপ, নারিকেল, আম, আমলকী, আমড়া, বরই, পেয়ারা ও বাগানবিলাসসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধক গাছ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক, আওয়ার গ্রিন ক্যাম্পাসের উপদেষ্টা ও সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এজিএম নিয়াজ উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সালেহ জহুর, শহীদ মো. ফরহাদ হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. এইচ এস ফারুক আলম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুল হাসান এবং চন্দ্রকলি ফাউন্ডেশনের সভাপতি সাখাওয়াত উল্ল্যাহ।
চন্দ্রকলি ফাউন্ডেশনের সভাপতি সাখাওয়াত উল্ল্যাহ বলেন, ‘ব্র্যাক ব্যাংক তাদের ৫০টি স্থানে মোট ৫০ হাজার গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব দিয়েছে। এটি তিন বছর মেয়াদি একটি প্রকল্প। এ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৬০০টি গাছ রোপণ করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় এমনিতেই সবুজের সমারোহ। এর সঙ্গে আজকের এ উদ্যোগ পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হলে ক্যাম্পাস আরও দৃষ্টিনন্দন হয়ে উঠবে। বিশেষ করে শীতকালীন ফুলগুলো ফুটলে ক্যাম্পাসে মনোরম প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হবে।’
তিনি আরও বলেন, শুধু গাছ রোপণ করলেই হবে না, রোপণের পর সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে, যাতে গাছগুলো সঠিকভাবে বেড়ে উঠতে পারে।
হলটির প্রভোস্ট এজিএম নিয়াজ উদ্দিন বলেন, ‘অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছে। এসব গাছের মধ্যে ফলজ, ফুল ও ঔষধি প্রজাতির গাছ রয়েছে। শুধু বৃক্ষরোপণের মধ্যেই এ কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না; রোপণ করা গাছগুলোর রক্ষণাবেক্ষণেও আমরা গুরুত্ব দেব। এ ধরনের উদ্যোগ হলের পরিবেশকে আরও সুন্দর, মনোরম ও বাসযোগ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতেও সহায়ক হবে।’
আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবুজায়ন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার পথ আরও সুগম হবে।