× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবির সমাবর্তনে অতিরিক্ত ফি, অংশগ্রহণ নিয়ে শঙ্কায় গ্র্যাজুয়েটরা

ইবি প্রতিনিধি

প্রকাশ : ১৫ মিনিট আগে

ইসলামী বিশ্ববিদ্যালয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনে নিবন্ধন ফি বেশি নির্ধারণ করায় আর্থিক অসচ্ছলতাসহ বিভিন্ন কারণে অনেক গ্র্যাজুয়েটের অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সমাবর্তনে অধিকসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে নিবন্ধন ফি কমানোসহ চার দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মো. মামুন আল রশীদের কাছে স্মারকলিপি জমা দেন সংগঠনটির নেতাকর্মীরা।

স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘ শিক্ষাজীবন শেষে সমাবর্তনের মাধ্যমে অর্জিত ডিগ্রির আনুষ্ঠানিক স্বীকৃতি গ্রহণ প্রত্যেক গ্র্যাজুয়েটের জন্য আবেগ ও গর্বের বিষয়। কিন্তু পঞ্চম সমাবর্তন উপলক্ষে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্ধারিত নিবন্ধন ফি সাবেক শিক্ষার্থী ও অংশগ্রহণে আগ্রহী গ্র্যাজুয়েটদের আর্থিক সামর্থ্যের তুলনায় অনেক বেশি। ফলে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।

এতে আরও বলা হয়, সমাবর্তন কোনো বাণিজ্যিক আয়োজন নয়; বরং বিশ্ববিদ্যালয় ও গ্র্যাজুয়েটদের মধ্যে আবেগপূর্ণ ও মর্যাদাপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ। বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ব্যয় থাকলেও এর সম্পূর্ণ বা অতিরিক্ত আর্থিক বোঝা গ্র্যাজুয়েটদের ওপর চাপিয়ে দেওয়া সমীচীন নয়। সমাবর্তন যেন কেবল আর্থিকভাবে সচ্ছলদের আয়োজনে পরিণত না হয়, বরং সব গ্র্যাজুয়েটের অংশগ্রহণ নিশ্চিত হয়—এটাই প্রশাসনের মূল বিবেচনা হওয়া উচিত। 

স্মারকলিপিতে দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ফির উদাহরণ তুলে ধরে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে নিবন্ধন ফি ৩ হাজার টাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে ৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। একইভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও তাদের দ্বিতীয় সমাবর্তনে স্নাতক পর্যায়ের নিবন্ধন ফি পুনর্নির্ধারণ করে ৩ হাজার ৫০০ টাকা করেছে। বিপরীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫০০ টাকা। এর সঙ্গে সনদ ফি ৫০০ ও ৭০০ টাকা যুক্ত হওয়ায় একজন গ্র্যাজুয়েটকে মোট ৫ হাজার ৭০০ টাকা পর্যন্ত পরিশোধ করতে হচ্ছে।

ছাত্র ইউনিয়নের চার দফা দাবির মধ্যে রয়েছে—স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের নিবন্ধন ফি সর্বোচ্চ ৩ হাজার টাকার মধ্যে নির্ধারণ, মাস্টার্সসহ অন্যান্য পর্যায়ের নিবন্ধন ও সনদ ফি যৌক্তিক ও সহনীয় পর্যায়ে পুনর্নির্ধারণ, ফি পুনর্নির্ধারণ করে সংশোধিত সমাবর্তন বিজ্ঞপ্তি প্রকাশ এবং সমাবর্তনের ব্যয় ও ফি নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করা।

এ বিষয়ে ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মো. মামুন আল রশীদ বলেন, প্রথমে নিবন্ধন ফি ৫ হাজার টাকা রাখা হয়েছিল। পরে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুরোধে তা কমিয়ে ৪ হাজার ৫০০ টাকা করা হয়েছে। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতেই এ ফি নির্ধারণ করা হয়েছে। আগামীকাল নিবন্ধনের শেষ দিন হওয়ায় এ বিষয়ে নতুন করে বিবেচনার সুযোগ নেই।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা