× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতিসংঘের বৈশ্বিক এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মিনিট আগে

৩৭ দেশের কয়েকশ দলকে হারিয়ে জাতিসংঘের আয়োজনে অনুষ্ঠিত বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হ্যাকাথন ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। ছবি: ইউজিসির সৌজন্যে

৩৭ দেশের কয়েকশ দলকে হারিয়ে জাতিসংঘের আয়োজনে অনুষ্ঠিত বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হ্যাকাথন ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। ছবি: ইউজিসির সৌজন্যে

৩৭ দেশের কয়েকশ দলকে হারিয়ে জাতিসংঘের আয়োজনে অনুষ্ঠিত বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হ্যাকাথন ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। তাদের তৈরি ‘ক্লজচেইন’ নামের একটি এআই প্ল্যাটফর্ম বিচারকদের নজর কাড়ে।

গত ১৫ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে আন্তর্জাতিক বিচারকেরা বাংলাদেশি দলটিকে বিজয়ী ঘোষণা করেন। ‘ইউনাইটেড নেশনস গ্লোবাল হ্যাকাথন ২০২৬: ইউজিং এআই ফর ডিজিটাল ট্রেড রেগুলেটরি অ্যানালাইসিস’ শীর্ষক এ প্রতিযোগিতার আয়োজন করে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনএসকাপ)।

বিজয়ী দলের নেতৃত্ব দেন বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) ব্যবস্থাপক (ইনোভেশন) ও এআই প্রকৌশলী আবু নাছের মুহা. নাফিউ। দলের অন্য সদস্যরা হলেন বিডিরেনের জ্যেষ্ঠ ডেভেলপার ও এআই প্রকৌশলী পুনম চৌধুরী, এআই প্রকৌশলী মো. সানিউল বাসির সাজ এবং আইনি পর্যালোচক মো. ইনসাফুল রহমান তুষার। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) পরিচালিত অলাভজনক প্রতিষ্ঠান বিডিরেনে কর্মরত।

প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল বিভিন্ন দেশের ডিজিটাল বাণিজ্যবিষয়ক আইন ও বিধিমালা বিশ্লেষণের জন্য উন্মুক্ত উৎসের এআই প্রযুক্তি তৈরি করা। এ লক্ষ্য সামনে রেখে বাংলাদেশের দলটি তৈরি করে ‘ক্লজচেইন’।

প্ল্যাটফর্মটি বিভিন্ন দেশের সরকারি পোর্টাল ও গেজেট থেকে আইন সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ করতে পারে। একই সঙ্গে আইনের বিভিন্ন ধারার সঙ্গে জাতিসংঘের রিজিওনাল ডিজিটাল ট্রেড ইন্টিগ্রেশন ইনডেক্সের (আরডিটিআইআই) সূচকের সামঞ্জস্য যাচাই করে। এর বিশেষত্ব হলো, এআইয়ের দেওয়া প্রতিটি তথ্য ও উদ্ধৃতি মূল সরকারি নথির সঙ্গে মিলিয়ে দেখা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট আইন কার্যকর রয়েছে কি না এবং তথ্যের উৎস সরকারি কি না, সেটিও যাচাই করা হয়। নয়টি স্বয়ংক্রিয় যাচাইপ্রক্রিয়ার যেকোনো একটিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট তথ্য বাদ দেওয়া হয়।

বর্তমানে ১১টি দেশের আইন বিশ্লেষণে সক্ষম ক্লজচেইন। এরই মধ্যে ১ হাজার ৪৯টি সরকারি উৎস থেকে সংগৃহীত ৭৪৬টি আইন ও বিধিমালার ১ লাখ ৫৪ হাজারের বেশি ধারা প্ল্যাটফর্মটিতে প্রক্রিয়াজাত করা হয়েছে। সম্পূর্ণ উন্মুক্ত উৎসের এ প্রযুক্তি ভবিষ্যতে আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্য নীতিমালা বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সহযোগিতা দিয়েছে বিডিরেন। প্রতিষ্ঠানটির ডেটা সেন্টারে স্থাপিত এনভিডিয়া ডিজিএক্স স্পার্ক ব্যবহারের সুযোগ পান দলের সদস্যরা। এর মাধ্যমে নিজস্ব বৃহৎ ভাষা মডেল, পাঠ্য বিশ্লেষণ ও অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (ওসিআর) প্রযুক্তি ব্যবহার করে বিদেশি বাণিজ্যিক এআই সেবা বা এপিআইয়ের ওপর নির্ভরতা ছাড়াই বাংলাদেশের নিজস্ব প্রযুক্তি অবকাঠামোতে পুরো বিশ্লেষণ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়েছে।

বিজয়ী দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন ইউজিসির চেয়ারম্যান ও বিডিরেন ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেন, তরুণদের মেধা ও প্রযুক্তিগত সক্ষমতা দেশের গবেষণা ও উদ্ভাবনে কাজে লাগাতে এ ধরনের উদ্যোগে সহযোগিতা করবে ইউজিসি।

মঙ্গলবার ইউজিসিতে অনুষ্ঠিত বিডিরেনের ৬৪তম ট্রাস্টি বোর্ড সভায় এসব কথা জানান ইউজিসির চেয়ারম্যান। সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনসহ বিডিরেন ও ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দলনেতা আবু নাছের মুহা. নাফিউ জানান, তাদের লক্ষ্য ছিল এমন একটি ব্যবস্থা তৈরি করা, যার প্রতিটি তথ্য মূল সরকারি নথি থেকে যাচাই করা সম্ভব। বিডিরেনের প্রযুক্তিগত সহায়তা বাংলাদেশের নিজস্ব অবকাঠামোতেই বিশ্বমানের এআই পরিচালনার সক্ষমতা প্রমাণ করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা