খুবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ মিনিট আগে
খুলনা বিশ্ববিদ্যালয়
দীর্ঘ পথচলায় শিক্ষা, গবেষণা ও অবকাঠামোয় নানা পরিবর্তনের মধ্য দিয়ে আগামীকাল ২৫ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ৩৬ বছরে পদার্পণ করবে। ১৯৯১ সালের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন। দিনটিকে স্মরণ করেই প্রতিবছর ২৫ নভেম্বর ‘খুলনা বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপন করা হয়। এ বছর শিক্ষা কার্যক্রমের ৩৫ বছর পূর্ণ করে ৩৬ বছরে পদার্পণ করছে খুবি।
প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়টি নানা চ্যালেঞ্জ অতিক্রম করে আজ দেশের উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন,নতুন অবকাঠামো তৈরি, একাডেমিক কার্যক্রম সম্প্রসারণসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রসর হয়েছে।এসব পরিবর্তন বিশ্ববিদ্যালয়টির দীর্ঘ পথচলায় গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এখনো নানা সীমাবদ্ধতা এবং চ্যালেঞ্জ রয়েছে বলে অভিমত শিক্ষার্থীদের।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৫টি হলে মোট শিক্ষার্থীর মাত্র ৩০ শতাংশ শিক্ষার্থী আবাসন সুবিধা পাই।বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর তুলনায় হলের সংখ্যা কম হওয়ায়, আবাসন সংকট তীব্র হয়ে উঠেছে যার ফলশ্রুতিতে শিক্ষার্থীরা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছে।
খুলনা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, কর্মকর্তা-কর্মচারী এবং খুলনার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী।
শুভেচ্ছা বার্তায় উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে নানা চ্যালেঞ্জ অতিক্রম করে আজ দেশের উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এটি আমাদের জন্য গর্বের ও মর্যাদার। এ অগ্রযাত্রায় যাঁরা অবদান রেখেছেন, তাঁদের সবার প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
তিনি আরও বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি সৃজনশীল, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, নতুন জ্ঞান সৃষ্টি, প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা চাই, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রাখার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে।