প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়ার লক্ষ্যে নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি এবং শিক্ষার্থীদের তথ্য হালনাগাদের সময় বাড়ানো হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরের উপবৃত্তি কার্যক্রমের আওতায় থাকা ৬ষ্ঠ থেকে ডিপ্লোমা ১ম পর্বের শিক্ষার্থীদের এসব কার্যক্রম ২ নভেম্বর থেকে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত সম্পন্ন করা যাবে।

সোমবার (২৩ নভেম্বর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত নিম্ন মাধ্যমিক (ভোকেশনাল), নিম্ন মাধ্যমিক দাখিল (ভোকেশনাল), এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল), এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএমটি) ও চার বছর মেয়াদি ডিপ্লোমা শিক্ষাক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম, ১০ম, একাদশ ও ডিপ্লোমা ১ম পর্বের শিক্ষার্থীদের জুলাই-ডিসেম্বর, ২০২৬ মেয়াদে উপবৃত্তি দেয়ার জন্য নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি এবং বিদ্যমান শিক্ষার্থীর তথ্য হালনাগাদকরণের সময় নির্দেশক্রমে বৃদ্ধি করা হলো এবং উল্লিখিত নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।
উপবৃত্তিযোগ্য শিক্ষার্থীর তালিকা প্রস্তুত, বাছাই কমিটি কর্তৃক অনুমোদন ও রেজুলেশন (নির্দেশনা-২ এর চ অনুযায়ী) স্ব-স্ব আঞ্চলিক অফিসে হাতে হাতে প্রেরণ ও নোটিশ বোর্ডে তালিকা প্রকাশ, অনলাইনের মাধ্যমে প্রতিষ্ঠানের কনফিগারেশন কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক চূড়ান্ত অনুমোদন করিয়ে নেওয়া এবং বেনিফিসিয়ারীতে বিদ্যমান শিক্ষার্থী তথ্য হালনাগাদ এবং নতুন শিক্ষার্থীর ডাটা এন্ট্রি ও আঞ্চলিক কার্যালয়ে পাঠানো।– এসব কার্যক্রম ২ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত করা যাবে।
যাচাই-বাছাই শেষে আঞ্চলিক কার্যালয় থেকে নতুন শিক্ষার্থীর তথ্য কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠানো যাবে ১৫ ডিসেম্বরের মধ্যে।