× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ ইউনিভার্সিটির ল’ ফেস্ট শেষ, অংশ নিলেন ৫০০ শিক্ষার্থী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মিনিট আগে

বাংলাদেশ ইউনিভার্সিটির ল’ ফেস্ট শেষ, অংশ নিলেন ৫০০ শিক্ষার্থী

বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ‘ল’ ফেস্ট-২০২৬’ ও বিভাগের ৫৪তম ব্যাচের বিদায় অনুষ্ঠান শেষ হয়েছে।

রবিবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় এ উৎসব। এতে আইন বিভাগের প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নেন।

গত ২০ নভেম্বর শুরু হওয়া এ আয়োজনে একাডেমিক ও ব্যবহারিক শিক্ষা, গবেষণা উপস্থাপনা, মুট কোর্ট, আইনি যুক্তি উপস্থাপন, বিভিন্ন প্রতিযোগিতা, ক্যারিয়ার মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য দেন কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির।

স্বাগত বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, আইন শিক্ষায় শুধু তাত্ত্বিক জ্ঞান যথেষ্ট নয়; ভবিষ্যৎ আইনজীবীদের ব্যবহারিক দক্ষতাও অর্জন করতে হবে। আদালতে বক্তব্য উপস্থাপন, আইনি নথি তৈরি, যুক্তি তুলে ধরা ও কার্যকর যোগাযোগের দক্ষতা এ পেশায় গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগ ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান আইন শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, সমাজ গঠন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ পেশায় সততা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার বিকল্প নেই। আইন পেশাকে শুধু অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে না দেখে মানুষের প্রতি দায়িত্ববোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার হিসেবে বিবেচনার আহ্বান জানান তিনি।

রাজধানীর অবৈধ হকার উচ্ছেদ কার্যক্রমের বিষয়ে প্রশাসক জানান, মিরপুর-১০ ও মিরপুর-১-সহ বিভিন্ন এলাকা থেকে অবৈধ হকার উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে মোহাম্মদপুরসহ অন্য এলাকাতেও এ উদ্যোগ নেওয়া হবে। উচ্ছেদের পর ফাঁকা ফুটপাতে বৃক্ষরোপণ করা হচ্ছে। ইতোমধ্যে রাজধানীতে প্রায় এক লাখ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছে বলেও জানান তিনি। ঢাকা শহরকে সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথি মো. কামরুজ্জামান জুয়েল বলেন, আইন পেশায় সফল হতে কঠোর পরিশ্রম, বড় স্বপ্ন, সততা ও নৈতিকতা বজায় রাখা জরুরি।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ আইন পেশার জন্য প্রস্তুত হতে এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে। শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও পেশাগত দক্ষতা বাড়াতে বিশ্ববিদ্যালয় কাজ করছে।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন আইন বিভাগের চেয়ারম্যান কাজী লতিফুর রেজা। তিনি জানান, প্রায় চার মাসের পরিকল্পনা ও প্রচেষ্টায় শিক্ষার্থীরা এ আয়োজন সম্পন্ন করেছেন। অনুষ্ঠানে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপাচার্য। সমাপনী দিনের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করে ব্যান্ডদল ‘শিরোনামহীন’।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা