এইচএসসি
এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ খাতার ফলে পরিবর্তন এসেছে। ছবি: সংগৃহীত
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৩৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। পুনর্নিরীক্ষার জন্য আবেদন করেছিলেন ২ লাখ ৯১ হাজার ২১১ জন পরীক্ষার্থী। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষা করা হয়। এতে আবেদনকারীদের ১১ দশমিক ৪৫ শতাংশের ফল পরিবর্তন হয়েছে।
প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, সাধারণ নয়টি শিক্ষা বোর্ডে ২ লাখ ৬১ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষার আবেদন করেন। তাদের ১০ লাখ ১৯ হাজার ৭৮০টি উত্তরপত্র যাচাই করে ২৮ হাজার ৩৬১ জনের ফল পরিবর্তন হয়েছে। এ ক্ষেত্রে ফল পরিবর্তনের হার ১০ দশমিক ৮৩ শতাংশ।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফল পরিবর্তন হয়েছে ময়মনসিংহ বোর্ডে। এ বোর্ডে ১৮ হাজার ৮৭০ জন পরীক্ষার্থীর ৭১ হাজার ৭৬২টি উত্তরপত্র পুনর্নিরীক্ষা করে ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন করা হয়েছে। ফল পরিবর্তনের হার ৪৪ দশমিক ১৯ শতাংশ।
অন্যদিকে সবচেয়ে কম ফল পরিবর্তন হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৩১ হাজার ৩৬৪ জন পরীক্ষার্থীর ১ লাখ ৯ হাজার ৯৭১টি উত্তরপত্র পুনর্নিরীক্ষা করে ৭৭৯ জনের ফল পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ফল পরিবর্তনের হার মাত্র ২ দশমিক ৪৮ শতাংশ।
ঢাকা শিক্ষা বোর্ডে ৮১ হাজার ৭৯৪ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষার আবেদন করেন। তাদের ৩ লাখ ৩৫ হাজার ৮৮১টি উত্তরপত্র যাচাই করে ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ফল পরিবর্তনের হার ৭ দশমিক ১৬ শতাংশ।
কুমিল্লা বোর্ডে ২৫ হাজার ১৯৩ জনের ৯২ হাজার ৭৭৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষা করে ৩ হাজার ৬৫ জনের ফল পরিবর্তন হয়েছে। ফল পরিবর্তনের হার ১২ দশমিক ১৭ শতাংশ। যশোর বোর্ডে ২৬ হাজার ২৭৭ জনের ৯৭ হাজার ৬১৮টি উত্তরপত্র যাচাই করে ১ হাজার ৯০৯ জনের ফল পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ফল পরিবর্তনের হার ৭ দশমিক ২৬ শতাংশ।
চট্টগ্রাম বোর্ডে ২৭ হাজার ১২৪ জন পরীক্ষার্থীর ১ লাখ ১৭ হাজার ৭০০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষা করে ২ হাজার ৪৩ জনের ফল পরিবর্তন হয়েছে। বরিশাল বোর্ডে ১২ হাজার ২৯৩ জনের ৫৩ হাজার ৪০৯টি উত্তরপত্র যাচাই করে ২ হাজার ৭৭২ জনের ফল পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ফল পরিবর্তনের হার ২২ দশমিক ৫৫ শতাংশ।
সিলেট বোর্ডে ১৪ হাজার ৪৪৩ জনের ৫১ হাজার ২৪৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষায় ১ হাজার ৩৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে। দিনাজপুর বোর্ডে ২৪ হাজার ৫৩১ জনের ৮৯ হাজার ৪২০টি উত্তরপত্র যাচাই করে ২ হাজার ২৪৮ জনের ফল পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ফল পরিবর্তনের হার ৯ দশমিক ১৬ শতাংশ।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১১ হাজার ৮৮২ জন পরীক্ষার্থী ৪০ হাজার ৮৩০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন করেন। এতে ১ হাজার ১২৮ জনের ফল পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ফল পরিবর্তনের হার ৯ দশমিক ৪৯ শতাংশ।
অন্যদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ১৭ হাজার ৪৪০ জন পরীক্ষার্থীর ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষা করা হয়। এতে ৩ হাজার ৮৬০ জনের ফল পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ফল পরিবর্তনের হার ২২ দশমিক ১৩ শতাংশ।
সব মিলিয়ে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ২ লাখ ৯১ হাজার ২১১ জন পরীক্ষার্থীর আবেদন পর্যালোচনা করে ৩৩ হাজার ৩৪৯ জনের ফল পরিবর্তন করা হয়েছে।