জাককানইবি প্রতিনিধি
প্রকাশ : ১২ মিনিট আগে
সারাদেশে নৈরাজ্য, নাশকতা ও সহিংসতার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
উপাচার্য বলেন, ‘আমরা করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মুষ্টিমেয় কিছু দুষ্কৃতকারীর অপকর্মের মাধ্যমে দেশের উন্নয়ন থামানো যাবে না। নিষিদ্ধ ঘোষিত দলের ফ্যাসিস্টরা দেশব্যাপী যে নৈরাজ্য ও সহিংসতা চালাচ্ছে, তার কোনো সুনির্দিষ্ট এজেন্ডা নেই। যেকোনো দাবি আদায়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করা যেতে পারে। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেরও আশ্রয় নেওয়া যেতে পারে।
মাতৃভূমিকে এগিয়ে নিতে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সবাইকে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা আমাদের অস্তিত্ব টিকিয়ে রেখে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আমরা বিশ্বে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিত হতে চাই না।’
প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. তানজিল হোসেন, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ শামসুজ্জামান, কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ডিরেক্ট অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম জহিরুল হাছান এবং কর্মচারী সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম।
বক্তারা বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছে। এমন সময়ে নিষিদ্ধ ঘোষিত দলের দুষ্কৃতকারীরা দেশজুড়ে নৈরাজ্য, নাশকতা ও সহিংসতা চালাচ্ছে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক উত্তরণের পথ তৈরি হয়েছে। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করতেই দেশব্যাপী এসব সহিংসতা ও নাশকতা চালানো হচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
কর্মসূচি সঞ্চালনা করেন ডিরেক্ট অফিসার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আলমগীর কবির। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় ও দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।