ইবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে শাখা ছাত্রদল। এতে গান, কবিতা, নৃত্য, নাটক ও চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।
রবিবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের আমবাগানসংলগ্ন বাংলা মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত ৮টা পর্যন্ত চলে সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউট্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মোহাম্মদ সেলিম, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. শাহেদ আহম্মেদ, বর্তমান আহ্বায়ক মো. মাসুদ রুমি মিথুন, সদস্যসচিব মো. রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের সবার জন্য আনন্দ ও গৌরবের দিন। দিনটিকে আরও আনন্দমুখর করে তুলতে এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করতে এ আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীলতার বিকাশে ছাত্রদল ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।’
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রশাসনের উদ্যোগে পতাকা উত্তোলন, আনন্দ র্যালি, পুষ্পস্তবক অর্পণ, পায়রা ও বেলুন উড্ডয়ন এবং কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।