গোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ মিনিট আগে
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) চলমান পরিস্থিতিতে অনলাইনে পাঠদান কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি শিক্ষার্থীদের আবাসিক সুবিধা বিবেচনায় একটি ছাত্র হল ও একটি ছাত্রী হলের ডাইনিং চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর সন্ধ্যায় উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সিদ্ধান্ত অনুযায়ী, ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকলেও শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম সচল রাখতে অনলাইনে ক্লাস পরিচালনা করা হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও দপ্তরের নিয়মিত দাপ্তরিক কার্যক্রমও চালু থাকবে।
অন্যদিকে, আবাসিক শিক্ষার্থীদের খাবারের সুবিধা নিশ্চিত করতে ছেলেদের জন্য একটি এবং মেয়েদের জন্য একটি আবাসিক হলের ডাইনিং কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে এসব সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। উপাচার্যের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।