খুবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ মিনিট আগে
বাংলার দক্ষিণাঞ্চলে অবস্থিত খুলনা বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয় শুধু উচ্চশিক্ষার কেন্দ্র নয়, এটি এক অনন্য নান্দনিক ক্যাম্পাস। গাছপালা,প্রাকৃতিক সুন্দর্য আর শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে প্রতিদিনই মুখর এ প্রাঙ্গণ। ফটোগ্যালারিতে সে রঙিন ক্যাম্পাসের ঝলক।
শহীদ মীর মুগ্ধ তোরণ
বাঙালির জাতীয় ইতিহাস এবং 'জুলাই আন্দোলনের' চেতনার এক অনন্য মিলনস্থল খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রধান ফটক। এ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের প্রথম নামকরণ করা হয়েছিল ‘বিজয় তোরণ’। ২০২৪ সালের ৫ই আগস্টের পর নির্মাণাধীন ওই ফটকের নাম ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’ রাখেন শিক্ষার্থীরা। লাল রং দিয়ে দেয়ালে তাঁরা নামটি লিখেও রাখেন।তৎকালীন অন্তবর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার তোরণটি উদ্বোধন করেন।
গোলপাতার ক্যাফেটেরিয়া
সুন্দরবনের অন্যতম বনজ সম্পদ গোলপাতা দিয়েই তৈরি খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া।গোলপাতার ছাউনি আর দৃষ্টিনন্দন কাঠামোর ক্যাফেটেরিয়াটির একাডেমি ভবন ২ সংলগ্নে অবস্থিত।
দেশে গোলপাতা দিয়ে তৈরি এটিই সবচেয়ে বড় কাঠামো। আয়তন প্রায় সাড়ে পাঁচ হাজার বর্গফুট।সামনের ও পেছনের অংশ প্রায় একই রকম, অনেকটা ত্রিভুজ।পেছনে আছে হোগলাবন,পাশে বাঁশঝাড়। অন্য দিকে ছোট্ট পুকুর। সেখানে রয়েছে পদ্ম ফুল।
অদম্য বাংলা
মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অদম্য বাংলা।২৩ ফুট উঁচু এই ভাস্কর্যে আগ্নেয়াস্ত্রেসহ তিন জন পুরুষ বিপ্লবী ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। ডান পাশে
বাংলার সংগ্রামী নারীর এক হাত উত্তোলিত, অন্য হাতে আগ্নেয়াস্ত্র; তিনি দৃঢ়চিত্তে মুক্তিযুদ্ধে যোগদানের ডাক দিচ্ছেন।
কেন্দ্রীয় শহীদ মিনার
ব্যতিক্রমী এই শহীদ মিনারে রয়েছে কলমের আদলে একটি সুউচ্চ লম্বতল যা প্রকাশ করেছে আমাদের মহান প্রাপ্তিকে। কলমের নিবের মাথায় ঘনক আকৃতির একটি ফোটা যুক্ত হয়েছে যা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রকাশ পায়।কলমটি একটি খোলা চোখের গোলাকার আকৃতি মধ্য দিয়ে প্রবেশ করেছে।
কটকা
২০০৪ সালের ১৩ মার্চ সুন্দরবনের কটকায় সফরকালে সমুদ্রের পানিতে ডুবে খুলনা বিশ্ববিদ্যালয়ের নয়জন ও বুয়েটের দুজনসহ মোট ১১ জন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ঘটে।তাদের স্মরণে কেন্দ্রীয় মাঠের পাশে এই স্থাপনাটি তৈরি করা হয়।
লেকসাইড
খুলনা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক পেরিয়ে এগিয়ে গেলেই মিলবে সৌন্দর্যের লীলাভূমি। বিশ্ববিদ্যালয়ের গ্রিন লেক দেখে যে কেউ প্রথম দর্শনে সুন্দরবন বলেই মনে করবেন। শিক্ষার্থীদের কাছে এটি ‘মিনি সুন্দরবন’ নামে পরিচিত।দুই পাশে সুন্দরী বৃক্ষের সারি, মাঝখানে সবুজ জলরাশি।