মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২১ মিনিট আগে
আন্তর্জাতিক গবেষণার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। প্রথমবারের মতো যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশনের (THE) ‘ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র্যাঙ্কিং ২০২৭’-এ স্থান পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। প্রকাশিত তালিকায় বিশ্বব্যাপী ৫০১ থেকে ৬০০তম অবস্থানে রয়েছে মাভাবিপ্রবি। এ ছাড়া বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
এ অর্জনে সন্তোষ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুদৃঢ় করতে কাজ করা সংশ্লিষ্ট কমিটির সদস্যদের ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিসুর রহমান এ অর্জনের জন্য কোয়ালিটি রিভিউ অ্যান্ড র্যাঙ্কিং কমিটির (কিউআরআরসি) সদস্যদের অভিনন্দন ও ধন্যবাদ জানান। ভবিষ্যতে মাভাবিপ্রবিকে বিশ্বের শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নিয়ে যেতে সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা কামনা করেন তিনি। এ লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন উপ-উপাচার্য।
THE Interdisciplinary Science Rankings মূলত তিনটি সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর আন্তবিষয়ক গবেষণা কার্যক্রম মূল্যায়ন করে। সূচকগুলো হলো—ইনপুটস (১৯ শতাংশ), প্রসেস (১৬ শতাংশ) ও আউটপুটস (৬৫ শতাংশ)।
ইনপুটস সূচকে আন্তবিষয়ক গবেষণায় অর্থায়ন ও শিল্প খাতের সহযোগিতা মূল্যায়ন করা হয়। প্রসেস সূচকে গবেষণার অবকাঠামো, প্রশাসনিক সহায়তা, সফলতা পরিমাপের পদ্ধতি এবং পদোন্নতি ও স্থায়ীকরণ নীতিমালা বিবেচনায় নেওয়া হয়। অন্যদিকে, আউটপুটস সূচকে আন্তবিষয়ক গবেষণার প্রকাশনা, মোট প্রকাশনায় এর অনুপাত, সাইটেশন প্রভাব ও গবেষণার সুনাম মূল্যায়ন করা হয়। সামগ্রিক মূল্যায়নে সর্বোচ্চ ৬৫ শতাংশ গুরুত্ব বহনকারী আউটপুটস সূচকে মাভাবিপ্রবি ৪৫ স্কোর অর্জন করেছে।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর Times Higher Education (THE) Interdisciplinary Science Rankings 2027 প্রকাশিত হয়। বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি রিভিউ অ্যান্ড র্যাঙ্কিং কমিটির (কিউআরআরসি) সচিব অধ্যাপক ড. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এ অর্জনে তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যকে অভিনন্দন জানান।