ববি প্রতিনিধি
প্রকাশ : ১৭ মিনিট আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়।
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন ‘কপ৩১’-এ বাংলাদেশের যুব প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় মানুষের জলবায়ু সংকট ও অধিকারবঞ্চনার চিত্র তুলে ধরেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সোহেল রানা। সম্মেলনে তিনি জলবায়ু ন্যায়বিচার, ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার এবং জলবায়ু তহবিলের স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের বাস্তব চিত্র তুলে ধরে সোহেল রানা বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম। অথচ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার মতো দুর্যোগের সঙ্গে প্রতিনিয়ত লড়তে হচ্ছে উপকূলবাসীকে। বিশেষ করে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের লাখো মানুষের জীবন-জীবিকা, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা ঝুঁকির মুখে পড়েছে।
বাংলাদেশের সাম্প্রতিক জলবায়ু কূটনীতির বিভিন্ন উদ্যোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ এবং ঋণের পরিবর্তে অনুদান দেওয়ার যে প্রস্তাব দিয়েছেন, তা সময়োপযোগী। পাশাপাশি ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) ‘আরাইজ’ (ARISE) কর্মসূচির প্রথম ধাপে বাংলাদেশ নির্বাচিত হওয়ায় সর্বোচ্চ ৩ কোটি ডলার অর্থায়নের সুযোগ তৈরি হয়েছে, যা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।
তবে শুধু অর্থ বরাদ্দ বা প্রতিশ্রুতিই যথেষ্ট নয়, বরং বরাদ্দ করা অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করাকে জলবায়ু ন্যায়বিচারের অন্যতম শর্ত হিসেবে উল্লেখ করেন ববির এই শিক্ষার্থী। তিনি বলেন, আন্তর্জাতিক সম্মেলনে কত অর্থের ঘোষণা দেওয়া হলো, তা দিয়ে জলবায়ু ন্যায়বিচারের সাফল্য পরিমাপ করা যায় না। প্রকৃত সাফল্য আসবে তখনই, যখন সেই অর্থ সরাসরি উপকূলের ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে ব্যয় হবে।
প্রস্তাবিত ৩ কোটি ডলারের বিনিয়োগ পরিকল্পনায় কয়েকটি খাতকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান সোহেল রানা। তিনি বলেন, এ তহবিলের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির নিশ্চয়তা, লবণাক্ততা-সহিষ্ণু কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন, টেকসই বেড়িবাঁধ ও আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং জলবায়ু-উদ্বাস্তুদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনে গুরুত্ব দিতে হবে।
বরিশাল অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, উপকূলের ‘মান্তা’ বা ভাসমান জনগোষ্ঠীর মতো অতি দরিদ্র মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও সরকারি সেবা ও নীতিনির্ধারণী প্রক্রিয়ায় প্রায়ই উপেক্ষিত থাকেন। এ কারণে জলবায়ু প্রকল্পের পরিকল্পনা প্রণয়নের শুরু থেকেই নারী, প্রতিবন্ধী ব্যক্তি, ক্ষুদ্র মৎস্যজীবী ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
এ ছাড়া জলবায়ু প্রকল্পের অর্থ ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাধীন তদারকি ও সামাজিক নিরীক্ষা জোরদার করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জলবায়ু নীতিনির্ধারণী প্রক্রিয়ায় উপকূলীয় অঞ্চলের তরুণদের সরাসরি সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন সোহেল রানা।