দেশের ৬৪ জেলার ঐতিহ্যবাহী পণ্য, খাবার ও সংস্কৃতি তুলে ধরতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হয় ‘ঐতিহ্যের হাট’-এর পঞ্চম আসর।
দেশের ৬৪ জেলার ঐতিহ্যবাহী পণ্য, খাবার ও সংস্কৃতি তুলে ধরতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হয়েছে ‘ঐতিহ্যের হাট’-এর পঞ্চম আসর।
সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে শনিবার এ আয়োজন করা হয়। ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিজ নিজ জেলার ঐতিহ্যবাহী পণ্য, খাবার ও সংস্কৃতি নিয়ে বিভিন্ন স্টল সাজান।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ এবং ব্র্যাক ব্যাংক পিএলসির যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল নতুন প্রজন্মের কাছে দেশের শিকড়ের ঐতিহ্য তুলে ধরা, ঐতিহ্যবাহী পণ্যের ব্যবসায়িক সম্ভাবনা খুঁজে বের করা এবং স্থানীয় পণ্যকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার বিষয়ে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা দেওয়া। পাশাপাশি শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার বিষয়ে উৎসাহিত করাও ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
আয়োজকরা জানান, উদ্যোক্তা শিক্ষাকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করতে ২০২২ সালে ‘ঐতিহ্যের হাট’ আয়োজনের যাত্রা শুরু হয়। প্রথম আসরে ৩৮টি জেলা অংশ নেয়। ২০২৫ সালে চতুর্থ আসরে জেলার সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬২টিতে। ওই আসরে প্রায় ৩০ হাজার দর্শনার্থীর সমাগম ঘটে এবং প্রায় ৪০ লাখ টাকার পণ্য বিক্রি হয়। এবারের পঞ্চম আসরে ৬৪ জেলার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। টানা দ্বিতীয়বারের মতো এ আয়োজনে সহযোগিতা করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান, ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. আর. কবির এবং প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল।
ব্র্যাক ব্যাংক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএমএস বিজনেস ইউনিট-১-এর প্রধান আলমগীর হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএমএস বিজনেস ইউনিট-২-এর প্রধান ইন্দ্রজিৎ সুর এবং উইমেন এন্ট্রাপ্রেনিউর সেলের প্রধান খাদিজা মরিয়ম। এ ছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষাবিদদের পাশাপাশি ২৫টি দেশের প্রায় ৭০ জন বিদেশি অতিথি অনুষ্ঠানে অংশ নেন।
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এ আয়োজন। শিক্ষার্থীরা নিজ নিজ জেলার ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে হস্তশিল্প, তাঁতবস্ত্র, মৃৎশিল্প ও বিভিন্ন অঞ্চলের বিখ্যাত খাবার নিয়ে স্টল সাজান। বিচারকমণ্ডলী স্টলগুলোর উপস্থাপনা, পণ্যের মৌলিকত্ব, বিক্রি ও প্রচারণার ভিত্তিতে মূল্যায়ন করেন। বিকালে অনুষ্ঠিত হয় জেলাভিত্তিক সাংস্কৃতিক পরিবেশনা। লোকগান ও আঞ্চলিক সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
ঐতিহ্যের হাটের পঞ্চম আসরের আহ্বায়ক ও ডিআইইউর ডিপার্টমেন্ট অব ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপের প্রধান মো. কামরুজ্জামান দিদার বলেন, ‘ঐতিহ্যের হাট শুধু একটি মেলা নয়, এটি শিক্ষার্থীদের হাতে-কলমে উদ্যোক্তা হয়ে ওঠার একটি প্ল্যাটফর্ম। নিজ জেলার পণ্যকে ব্র্যান্ড হিসেবে তুলে ধরতে গিয়ে তারা বাজার, পণ্যের মূল্য নির্ধারণ এবং গ্রাহকের চাহিদা বোঝার কৌশল শিখছে। এভাবেই আমরা বিশ্বের দরবারে বাংলাদেশকে ব্র্যান্ড হিসেবে তুলে ধরতে চাই।’