× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোবিপ্রবি

সেশনজটের শঙ্কায় শিক্ষার্থীরা

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ১৫ মিনিট আগে

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)। আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।

তবে দীর্ঘদিন ধরে সেশনজটে থাকা শিক্ষার্থীদের আশঙ্কা, নতুন করে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলে তাঁদের শিক্ষাজীবন আরও পিছিয়ে পড়বে। এ পরিস্থিতিতে ক্যাম্পাসে সরাসরি ক্লাস নেওয়া সম্ভব না হলেও অনলাইনে পাঠদান চালুর দাবি জানিয়েছেন তাঁরা।

শুক্রবার (২০ নভেম্বর) থেকে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা দ্রুত স্নাতক শেষ করার বিষয়ে অনিশ্চয়তায় রয়েছেন। তাঁদের দাবি, ক্যাম্পাস বন্ধ থাকলেও আনুষ্ঠানিকভাবে অনলাইন ক্লাসের অনুমতি দিয়ে অন্তত পাঠদান কার্যক্রম চালু রাখা হোক।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইন্দ্রজিৎ বিশ্বাস বলেন, ‘আমরা ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের এ সেশনের শিক্ষার্থীদের প্রায় গ্র্যাজুয়েশন শেষের দিকে। অথচ আমাদের বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদ ছাড়া অন্য বিভাগের শিক্ষার্থীদেরও এখনো পড়াশোনা শেষ হতে বাকি। আমরা দ্রুত অনার্স শেষ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘পরিবারের সবাই তাকিয়ে আছে, ছেলেটা কবে বড় হবে, কবে সংসারের হাল ধরবে। বর্তমান পরিস্থিতিতে সরাসরি ক্লাস করা সম্ভব হচ্ছে না। তাই অনলাইনে ক্লাস করার বিষয়ে আনুষ্ঠানিক অনুমতি দিয়ে একটি নোটিশ প্রকাশ করা হোক, যাতে অন্তত ক্লাসগুলো চলতে পারে। এমনিতেই সেশনজটে পড়ে আছি, আর এর মধ্যে পড়তে চাই না।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী গৌরাঙ্গ বিশ্বাস শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ বা ছুটি ঘোষণা হলে শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি ও ভবিষ্যৎ অনিশ্চয়তা নিয়ে শিক্ষকদের মধ্যে প্রত্যাশিত উদ্বেগ দেখা যায় না। মাস শেষে শিক্ষকদের বেতন নিশ্চিত হলেও শিক্ষার্থীদের হারানো সময় ও একাডেমিক ক্ষতির দায় কে নেবে, সে প্রশ্নও তোলেন তিনি।

গৌরাঙ্গ বিশ্বাস আরও বলেন, ‘ক্যাম্পাস বন্ধ থাকলেও অনলাইন ক্লাসের মাধ্যমে অন্তত একাডেমিক কার্যক্রম চালু রাখার দাবি কোনো বাড়তি সুবিধা চাওয়া নয়; বরং নিজেদের শিক্ষাজীবন বাঁচিয়ে রাখার চেষ্টা। অথচ এ বিষয়ে শিক্ষকদের নীরবতা সত্যিই হতাশাজনক। ছুটি উপভোগ করার অধিকার সবার আছে, কিন্তু সেই ছুটির আড়ালে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও দায়িত্ববোধকে ভুলে যাওয়ার সুযোগ নেই।’

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষকদের কর্মস্থল নয়, এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার জায়গাও। শিক্ষার্থীদের সময় ও ভবিষ্যতের মূল্য রয়েছে। তাই ক্যাম্পাস বন্ধ থাকলেও অনলাইনে পাঠদান চালুর বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্তের আলোকে গোপালগঞ্জ জেলা ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা