ইবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ মিনিট আগে
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-২৭-এ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (নোবিপ্রবি) ২-১ গোলে হারিয়ে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ম্যাচের শেষ বাঁশি বাজার দুই মিনিট আগে ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাহেদের করা দ্বিতীয় গোলেই নাটকীয় জয় নিশ্চিত করে দলটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে ‘খ’ গ্রুপের ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। তবে প্রথমার্ধে শাহেদের গোলে এগিয়ে যায় ইবি। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে সমতায় ফেরার চেষ্টা চালায় নোবিপ্রবি। অন্যদিকে ব্যবধান বাড়াতে আক্রমণ অব্যাহত রাখে ইবির খেলোয়াড়েরা।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে নোবিপ্রবি। একপর্যায়ে ইবির খেলোয়াড় ইয়ামিনের আত্মঘাতী গোলে সমতায় ফেরে দলটি। এরপর জয়সূচক গোলের জন্য দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালায়। ম্যাচের শেষ মুহূর্তে, খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে শাহেদ নিজের দ্বিতীয় গোল করে ইবিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে ইবি।
টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোকে ‘ক’ ও ‘খ’—দুই গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে একটি করে দল ফাইনালে উঠে শিরোপার জন্য লড়বে। গ্রুপ পর্বে ইবির পরবর্তী ম্যাচ আগামী শনিবার। ওই ম্যাচে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় অথবা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২৭ শুরু হয়। নয় দিনব্যাপী নকআউট পদ্ধতির এ প্রতিযোগিতা চলবে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত।