× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জীবপ্রযুক্তিতে আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন বিএমইউর দুই শিক্ষার্থীর

মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি

প্রকাশ : ১৭ মিনিট আগে

জীবপ্রযুক্তিতে আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন বিএমইউর দুই শিক্ষার্থীর

ভারতের চেন্নাইয়ে জীবপ্রযুক্তির ওপর আন্তর্জাতিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) মেরিন ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার বিভাগের দুই শিক্ষার্থী। গত ৯ থেকে ১৩ নভেম্বর ‘অ্যাপ্লিকেশনস অব বায়োটেকনোলজি ইন অ্যাকুয়াকালচার’ শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে অংশ নেওয়া দুই শিক্ষার্থী হলেন- মো. তৌহিদুর রহমান ও ফাবিয়া কবির তোহা। ভারতের তামিলনাড়ু ড. জে. জয়ললিতা মৎস্য বিশ্ববিদ্যালয়ের (টিএনজেএফইউ) মৎস্য জীবপ্রযুক্তি বিভাগ এবং মৎস্য স্নাতকোত্তর শিক্ষা ইনস্টিটিউটে (আইএফপিজিএস) তাদের এ বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে দেশে ফিরে দুই শিক্ষার্থী বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য রিয়ার অ্যাডমিরাল এম নিয়ামত এলাহীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা প্রশিক্ষণে অর্জিত হাতে-কলমে পরীক্ষাগারভিত্তিক কৌশল ও আধুনিক গবেষণার অভিজ্ঞতা উপাচার্যের কাছে তুলে ধরেন।

উপাচার্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করায় শিক্ষার্থীদের প্রশংসা করেন। তিনি সামুদ্রিক বিজ্ঞান ও মৎস্যবিজ্ঞানে শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বাড়ানোর পাশাপাশি বিশ্বমানের প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের এ উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশের সুনীল অর্থনীতি ও মৎস্য খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ভূ ও সমুদ্রবিজ্ঞান অনুষদের ডিন কমোডর মো. মিনারুল হকসহ সংশ্লিষ্ট বিভাগের জ্যেষ্ঠ শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এ আন্তর্জাতিক প্রশিক্ষণ তাদের ভবিষ্যৎ গবেষণা ও কর্মজীবনে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

প্রশিক্ষণের অভিজ্ঞতা জানিয়ে মো. তৌহিদুর রহমান বলেন, চেন্নাইয়ের টিএনজেএফইউর মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে জীবপ্রযুক্তির আধুনিক ব্যবহারিক দিক শেখা আমার জন্য অসাধারণ অভিজ্ঞতা। এ প্রশিক্ষণ আমাদের তাত্ত্বিক জ্ঞানকে আরও সমৃদ্ধ করেছে, যা ভবিষ্যতে দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং টেকসই জলজ প্রাণী চাষবিষয়ক গবেষণায় কাজে লাগবে।

অপর শিক্ষার্থী ফাবিয়া কবির তোহা বলেন, আন্তর্জাতিক মানের পরীক্ষাগারে কাজের অভিজ্ঞতা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। দুই বিশ্ববিদ্যালয়ের এ যৌথ উদ্যোগ তরুণ গবেষকদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণ এবং উচ্চতর গবেষণায় এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান দুই শিক্ষার্থীর ভবিষ্যৎ কর্মজীবনে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের এ দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা ও শিক্ষার্থী বিনিময় কার্যক্রম আরও গতিশীল হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা