জাবি প্রতিবেদক
প্রকাশ : ১৭ মিনিট আগে
‘ধ্বংসযন্ত্র থমকে দাঁড়াক প্রাণের স্পর্ধায়’ স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে চার দিনব্যাপী ‘জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬’।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কমনরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)-এর নেতৃবৃন্দ।
এবারের আয়োজনে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সংগঠনটির সভাপতি আল লুবান। লিখিত বক্তব্যে তিনি জানান, এবার প্রতিযোগিতায় দেশের ৩২টি স্কুল, ৩২টি কলেজ ও ৩২টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক ও বিচারকসহ পাঁচ শতাধিক অংশগ্রহণকারী রয়েছেন। আন্তঃবিশ্ববিদ্যালয়, আন্তঃকলেজ ও আন্তঃস্কুল—এই তিন পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
উৎসবের ২১তম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে ফাইনালে উঠেছে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) ও ডিবেটার্স অব চট্টগ্রাম ইউনিভার্সিটি (ডিসিইউ)। আগামী ২১ নভেম্বর এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, ১৫তম আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার প্রাথমিক ও কোয়ার্টার ফাইনাল পর্ব শেষে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে চারটি দল। দলগুলো হলো আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ডিবেটিং ক্লাব, ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি, রাজউক কলেজ ডিবেটিং ক্লাব ও মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ডিবেটিং ক্লাব। আগামী ২১ নভেম্বর এ পর্বের সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ২০ নভেম্বর দেশের বিভিন্ন প্রান্তের স্কুল পর্যায়ের বিতার্কিকদের অংশগ্রহণে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যার ফাইনাল পর্বও ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে।
উৎসবের শেষ দিনে আন্তঃবিশ্ববিদ্যালয়, আন্তঃকলেজ ও আন্তঃস্কুল বিতর্কের ফাইনাল পর্বের পাশাপাশি ‘ধ্বংসযন্ত্র থমকে দাঁড়াক’ শীর্ষক বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উৎসবে বিশ্ববিদ্যালয় পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন বর্ণ সাহা বিশাল, কলেজ পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হাসিব বিন আব্দুল হাই এবং স্কুল পর্যায়ের যুগ্ম আহ্বায়ক দুর্বার শামিত আদি।
জেইউডিওর নেতৃবৃন্দ জানান, বিতর্ক কেবল একটি প্রতিযোগিতা নয়; বরং তরুণদের যুক্তিবোধ, মুক্তচিন্তা, সহনশীলতা ও দায়িত্বশীল মতপ্রকাশের চর্চার অন্যতম মাধ্যম। এ আয়োজনের মধ্য দিয়ে দেশের তরুণদের নিজেদের চিন্তা ও অবস্থান যুক্তির মাধ্যমে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।