ইউএপি প্রতিনিধি
প্রকাশ : ১৯ মিনিট আগে
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এবং বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের (বিএসটিকিউএম) যৌথ আয়োজনে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘৫১তম ইন্টারন্যাশনাল কনভেনশন অন কোয়ালিটি কন্ট্রোল সার্কেলস (ICQCC-2026)’। ১৮ থেকে ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এই আন্তর্জাতিক সম্মেলনের এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘টেকসই উন্নয়নের জন্য কিউসিসি’ (QCC for Sustainable Development)।
১৮ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কাইয়ুম রেজা চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএপি'র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন অধ্যাপক ড. জি. আর. আহমেদ জামাল, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. এ. কে. এম. নজরুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান অধ্যাপক ড. নাসিমা বেগমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
বৈশ্বিক সহযোগিতা, জ্ঞান বিনিময়, উদ্ভাবন এবং গুণগত মানোন্নয়নের লক্ষ্য নিয়ে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশসহ মোট ১৬টি দেশ ও অঞ্চল থেকে প্রায় ৮ হাজার অংশগ্রহণকারী এবং ৮০০টি কোয়ালিটি কন্ট্রোল সার্কেল (QCC) দল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে— বাংলাদেশ, জাপান, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ফিলিপাইন, তাইওয়ান, নামিবিয়া, জাম্বিয়া, মোজাম্বিক এবং মরিশাস।
সম্মেলনের দ্বিতীয় দিন, ১৯ নভেম্বর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ক্যাম্পাসে দিনব্যাপী প্রেজেন্টেশন সেশন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশ থেকে আগত চার শতাধিক আন্তর্জাতিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। এই সেশনগুলো অংশগ্রহণকারীদের জন্য তাদের গুণগত মানোন্নয়নমূলক উদ্যোগ উপস্থাপন, অভিজ্ঞতা বিনিময় এবং কিউসিসি-র উদ্ভাবনী চর্চাগুলো সবার সামনে তুলে ধরার এক অনন্য আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।
আগামীকাল (২০ নভেম্বর) ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং পরবর্তী সম্মেলনের আয়োজক দেশ ফিলিপাইনের হাতে আনুষ্ঠানিকভাবে ‘ICQCC’ পতাকা হস্তান্তরের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের পর্দা নামবে।