× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পেলে চাকরি যাবে: শাবিপ্রবি উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ১০ মিনিট আগে

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের অস্থিতিশীল কর্মকাণ্ডে কারও জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে সিন্ডিকেট ডেকে তাঁর চাকরিচ্যুতির ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের অরাজকতা বা সন্ত্রাসী তৎপরতা বরদাশত করা হবে না।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। বিশেষ করে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ রক্ত দিয়েছেন। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক পরিবেশ কোনোভাবেই নৈরাজ্য ও অস্থিতিশীলতার কাছে জিম্মি হতে পারে না। শাবিপ্রবি পরিবার যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ।

তিনি আরও বলেন, উপাচার্য হিসেবে স্পষ্টভাবে বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। ক্যাম্পাসকে অস্থিতিশীল করার সঙ্গে কারও সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে এক মুহূর্তও দেরি করব না। বিষয়টি সিন্ডিকেটে উত্থাপন করে প্রয়োজনীয় প্রক্রিয়ায় তাঁর চাকরিচ্যুতির ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম বলেন, আওয়ামী লীগের অতীত ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ২০০৪ ও ১৯৯৬ সালে অগ্নিসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ করে তোলা হয়েছিল। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। যেখানেই সন্ত্রাস দেখা যাবে, সেখানেই তা প্রতিহত করতে হবে।

গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. আশরাফ উদ্দিন বলেন, কেউ দেশে ফিরতে চাইলে আইন-আদালতের মুখোমুখি হয়ে নিজের বক্তব্য তুলে ধরতে পারেন। এতে তাঁদের কোনো আপত্তি নেই। তবে তা না করে অকারণে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার নিন্দা জানান তিনি।

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া উচিত। আগামী পাঁচ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সমর্থন পেলে যে কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারেন। বাংলাদেশ কোনো একনায়কতন্ত্র বা রাজতন্ত্রের দেশ নয়; এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সাধারণ মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়।

বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের প্রাধ্যক্ষ আশরাফ সিদ্দীকির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভৌতবিজ্ঞান অনুষদের ডিন আহমেদ কবির চৌধুরী, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক সালমা আক্তার এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক সাইফুল ইসলাম।

এ সময় প্রক্টর মোখলেসুর রহমান, বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ আ ফ ম জাকারিয়া, কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক মিজানুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নিয়ে সংহতি জানান।  

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা