প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মিনিট আগে
আপডেট : ১৬ মিনিট আগে
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবার রুয়েট ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) দুটি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে এ পরীক্ষা নেওয়া হবে।
গতকাল বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রুয়েটের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষা স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। রুয়েট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার ভর্তি পরীক্ষা হবে বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে। প্রাথমিক যোগ্যতা পূরণ করে আবেদনকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ১৮ হাজার শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। রুয়েটে ১২ শতাধিক আসনের বিপরীতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে ২০২৩ অথবা ২০২৪ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ক্ষেত্রে ন্যূনতম জিপিএ–৪ থাকতে হবে। পাশাপাশি ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চমাধ্যমিকে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে মোট জিপিএ কমপক্ষে ১৩ থাকতে হবে। তবে প্রতিটি বিষয়ে আলাদাভাবে ন্যূনতম জিপিএ–৪ থাকতে হবে।
জিসিই ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রেও নির্দিষ্ট যোগ্যতা রাখা হয়েছে। ‘ও’ লেভেলে অন্তত পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে পৃথকভাবে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে। পাশাপাশি ২০২৫ সালের নভেম্বর বা এর পরে ‘এ’ লেভেলের সার্টিফিকেট পেতে হবে।
আবেদনকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে শীর্ষ ১৮ হাজার শিক্ষার্থীকে পরীক্ষার জন্য নির্বাচন করা হবে।
বিস্তারিত : https://admission.ruet.ac.bd/notices/admission-circular-for-ruet-2025-2026-session.pdf